কণ্ঠশিল্পী কনকচাঁপা এবার চিত্রশিল্পী

এত দিন সবাই তাঁকে শুধু কণ্ঠশিল্পী হিসেবেই জানতেন। কোথাও কোথাও সাক্ষাৎকারে ভক্তরা জেনেছেন, তাঁদের প্রিয় এ শিল্পী শখের বশে ছবিও আঁকেন। তবে এটা নিতান্তই নিজের মধ্যে রেখেছিলেন। এবার ভক্তদের মাঝে কণ্ঠশিল্পী কনকচাঁপা হাজির হচ্ছেন চিত্রশিল্পী হিসেবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায় কনকচাঁপা নিজেই এ তথ্য জানালেন। সেখানে তিনি জানিয়েছেন, আগামী এপ্রিলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে তাঁর আঁকা ছবি নিয়ে অনুষ্ঠিত হবে ‘দ্বিধার দোলাচল’ শিরোনামের একক চিত্র প্রদর্শনী। এতে শতাধিক ছবি স্থান পাবে।
প্রদর্শনী প্রসঙ্গে যোগাযোগের জন্য দেওয়া মোবাইল নম্বরে কল করা হলে শিল্পীর স্বামী মইনুল ইসলাম খান বলেন, এই প্রদর্শনী উৎসর্গ করা হচ্ছে সদ্যপ্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুকে।
মইনুল ইসলাম খান বলেন, আগামী ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলবে এ চিত্র প্রদর্শনী। প্রথম দিন বিকেল পাঁচটায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, চিত্রশিল্পী আব্দুস শাকুর শাহ। তিনি আরও বলেন, বাবা প্রয়াত আজিজুল হক মোর্শেদের কাছেই ছবি আঁকার হাতেখড়ি কনকচাঁপার। শিল্পাচার্য জয়নুল আবদিনের সরাসরি ছাত্র ছিলেন শিল্পীর বাবা।