কণ্ঠশীলনের ওয়াহিদুল হক স্মরণিক মিলনোৎসব শুরু
ঢাকঢোল আর রকমারি বাদ্যযন্ত্রের বাজনাসহ বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো কণ্ঠশীলনের ‘ওয়াহিদুল হক স্মরণিক মিলনোৎসব’। সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রতিষ্ঠিত সাহিত্যের বাচিক চর্চার এই প্রতিষ্ঠানটির পূর্ণ হলো ৩০ বছর। এ উপলক্ষেই এই আয়োজন।
গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে কণ্ঠশীলন আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক শওকত আলী। ‘সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর’ শীর্ষক দুই দিনের এ অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এবং এনায়েত কাজল, গোলাম সারোয়ার ও মীর বরকত। সংগঠনের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
পরে দিনের কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণা, স্মারক বক্তৃতা, সমবেত সংগীত ও আবৃত্তি। আজ শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। এতে থাকবে শিশুদের পরিবেশনা, একক ও দলীয় আবৃত্তি, নৃত্য ও বাউল গান।