কণ্ঠশীলনের নতুন নাটক ‘উত্তরবংশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে এসেছে আরও একটি নতুন নাটক। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের দাবি নিয়ে সৈয়দ শামসুল হকের সত্যনিষ্ঠ ও একাগ্র রচনা উত্তরবংশ মঞ্চায়ন করল কণ্ঠশীলন। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। নাটক শুরুর আগে নাট্যকার সৈয়দ শামসুল হক বলেন, ‘পাঁচ বছর আগে যখন এই নাটকটি লিখি, তখন এর বিষয়বস্তু যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি এখনো সমান গুরুত্বপূর্ণ। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের দাবি নিয়েই এই নাটক।’ নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সব মানুষ আরেক যুদ্ধ করে চলেছে বাংলাদেশের ভেতরে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের দাবি নিয়ে। কালের পরিক্রমায় এই দায়িত্ব কাঁধে তুলে নিতে এগিয়ে আসে নতুন প্রজন্ম। এমনই একটি বিষয়ের উপস্থাপন করেছেন নাট্যকার তাঁর উত্তরবংশে।’ এই নাটকে পাকিস্তানি হানাদারদের নৃশংসতা এবং বর্তমান সময়ে যুদ্ধাপরাধীদের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ইরা রহমান, ওমর ফারুক, জে এম মারুফ সিদ্দিকী, রইস উল ইসলাম, শহীদুল্লাহ কায়সার, আবদুর রাজ্জাক, শফিক সিদ্দিকী, সালাম খোকন, নুরুজ্জামান, আল আসাদ, উম্মে তাসনুভা তানিল, রাজিয়া সুলতানা, রাখী ঘোষ, মৌসুমী আক্তার, মাহমুদুল হাসান ও আজাদুল ইসলাম। বাংলা একাডেমী ও শিল্পকলার বিশেষ আয়োজনকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। সকালে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বেলা ১১টায় একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বাংলা একাডেমী আজ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বেলা ১১টায় একাডেমীর সেমিনার কক্ষে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক শিশু-কিশোর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বেলা তিনটায় বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী শীর্ষক গ্রন্থ বিষয়ে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেবেন এবিএম মূসা, আতাউস সামাদ, কমরেড অজয় রায়, আকবর আলি খান, মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ এ আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।