কণ্ঠশীলনের নতুন পর্ষদ

ছায়ানট ভবনের রমেশ চন্দ্র স্মৃতি মিলনকেন্দ্রে গত মঙ্গলবার বিকেল পাঁচটায় আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কণ্ঠশীলনের আহ্বায়ক অধ্যাপক সন্জীদা খাতুন, কণ্ঠশীলনের উপদেষ্টা অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার, নাট্যজন রামেন্দু মজুমদার এ সভায় বক্তব্য দেন।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন আবর্তনের কর্মীরা উপস্থিত ছিলেন।
সন্জীদা খাতুন দেশবরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘শিল্পী কাইয়ুম চৌধুরী মৃত্যুর আগপর্যন্ত কণ্ঠশীলনের নেতৃত্ব দিয়েছেন। আমি তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছিলাম প্রায় এক বছর আগে।’
সন্জীদা খাতুনের আহবানে গত এক বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরে জহিরুল হক খান, আর্থিক প্রতিবেদন পেশ করেন মনোয়ার আলী। উন্মুক্ত আলোচনার অংশ নেন মোস্তফা নূরুজ্জামান, মনু গুপ্ত, আবুল কাসেম। আলোচনার মধ্যে দিয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় গত এক বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন।
এরপর আশীর্বচন উচ্চারণ করেন কণ্ঠশীলনের উপদেষ্টা অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার ও নাট্যজন রামেন্দু মজুমদার। আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার পর কণ্ঠশীলনের নির্বাচন আধিকারিক আনিসুজ্জামান গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।
১৯ সদস্যবিশিষ্ট কণ্ঠশীলনের দ্বিবার্ষিক (২০১৫-২০১৭) পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সন্জীদা খাতুন। সাধারণ সম্পাদক ফওজিয়া মান্নান। সংগঠনের সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন মিয়া ও আলতাফ হোসেন। পর্ষদের সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে আছেন ইভা মন্ডল ও প্রয়াত শিক্ষক নরেন বিশ্বাসের স্ত্রী অঞ্জলি বিশ্বাস।