
মহাভারতের কাহিনি অবলম্বনে বর্তমান সময়কে ধারণ করে ঢাকার মঞ্চে এল নতুন নাটক। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে গতকাল রোববার কণ্ঠশীলন প্রযোজিতযা নেই ভারতে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। লিখেছেন মনোজ মিত্র। নির্দেশনা দিয়েছেন মীর বরকত।
মহাভারত আশ্রয় করে রচিত হলেও নাট্যকার ঘটনাপ্রবাহ একটু অন্য রকমভাবে বর্ণনা করতে চেয়েছেন। রাজা বিচিত্রবীর্যের মৃত্যুর সময় থেকে রাজপুত্র ধৃতরাষ্ট্রের এক শ পুত্রের জন্ম পর্যন্ত সময়ের ঘটনাগুলো ফুটে উঠেছে নাটকটিতে। কাহিনির প্রয়োজনে মূল মহাভারত থেকে কিছু সংযোজন-বিয়োজন করা হয়েছে। নির্মিত হয়েছে কয়েকটি কাল্পনিক চরিত্রও।
ক্ষমতাধর ও ক্ষমতালোভী রাষ্ট্রগুলোর আরও ক্ষমতালিপ্সা, সার্বভৌমত্বের নামে সাম্রাজ্যবাদ, একের পর এক রাষ্ট্র দখল ও লুণ্ঠনের বিষয় এসেছে নাটকটিতে। রাষ্ট্রব্যবস্থায় ধর্মীয় লেবাসধারী ব্যক্তিদের অনুপ্রবেশ ও অযাচিত হস্তক্ষেপ যে দেশ ও সমাজের ভারসাম্য নষ্ট করে তাও তুলে ধরা হয়েছে এ নাটকে।
পরিণামে ধেয়ে আসে যুদ্ধের ভয়াবহতা; থমকে যায় জীবন, অগ্রগতি; ধ্বংস হয় মানবতা। সব সমাজ অগ্রগতি লাভ করুক সত্য, সুন্দর ও সমৃদ্ধির পথে। শান্তির দুয়ার উন্মোচিত হোক সভ্যতার শেষ প্রান্তে—এ রকম প্রত্যাশা রেখেই যবনিকা ঘটে নাটকের।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুর রাজ্জাক, এ কে এম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জে এম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, তনুশ্রী গোস্বামী, নাজনীন আক্তার, শামীম রিমু, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, শাহানা রহমান, অমিতাভ রায়, অনুপমা আলম প্রমুখ।