কণ্ঠে উদ্ভাসিত কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের কবিতা পড়তে গেলে তো মনে একধরনের অনুভূতি আসেই। মঞ্চে কিংবা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যখন নির্দিষ্ট শব্দগুলো উচ্চারণ করা হয়, তখন ভাষা আন্দোলনের একটা স্পর্শ থাকে মনে। আসাদুজ্জামান নূরের সঙ্গে এ নিয়ে কথা বলতেই তিনি প্রথমেই বলেন তাঁর বাল্যকালের স্মৃতির কথা। ভাষা আন্দোলন তো ছড়িয়ে গিয়েছিল সারা দেশেই, নূর তখন নীলফামারীতে। সেখানেও পৌঁছল আন্দোলনের আগুন। তাঁর বাবা ছিলেন আন্দোলনে, জেল খেটেছেন। পারিবারিকভাবেই তাই একুশের একটা অন্য মানে আছে নূরের কাছে। তখন আবু জাফর ওবায়দুল্লাহর ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা’ কবিতাটি একটু বেশি পড়া হতো। এরপর বাম রাজনীতির পথ ধরে নানা আন্দোলনে মিশে গেছেন নূর, সঙ্গে ছিল সাংস্কৃতিক মন, ফলে অনুভূতিটি শুধু বায়ান্নতেই আটকে থাকেনি, ছড়িয়ে গেছে প্রতিটি আন্দোলনের শরীরে। জয়ন্ত চট্টোপাধ্যায় আবৃত্তি করতে পছন্দ করেন আলাউদ্দিন আল আজাদের ‘স্মৃতির মিনার’ কবিতাটি। তবে আশির দশকের পর নির্মলেন্দু গুণের ‘আমাকে কি মাল্য দেবে দাও’ কবিতাটি পড়তে ভালো লাগছে তাঁর। রুচি, আবেগের পরিবর্তন হতে থাকে বয়সের সঙ্গে সঙ্গে, ভালো লাগতে পারে নতুন কবিতা। একুশের কবিতা আবৃত্তি করতে গেলে অদ্ভুত এক আবেগ কাজ করে তাঁর মনে। ভাস্বর বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন শামসুর রাহমানের ‘বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা’ আবৃত্তি করতে। তবে ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা মাহবুব উল আলম চৌধুরীর ‘আমি আজ কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি পাঠ করেও আনন্দ পান। কবিতাটির পুরো পাঠ বহুদিন পর্যন্ত পাওয়া যায়নি। এই কবিতা আবৃত্তি করতে গেলে সব সময়ই অন্য রকম অনুভূতি হয়। এ তো গেল একুশের কবিতা নিয়ে অনুভূতির কথা। কিন্তু সত্যিই এখন আবৃত্তির কী হাল, তা নিয়েও কথা হয়। এখন তো সিডি বিষয়টি সহজলভ্য হয়ে গেছে। বিভিন্ন যন্ত্রানুসঙ্গ আর কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে আবৃত্তি করা হয় এখন। যে কণ্ঠস্বরগুলো কান পর্যন্ত এসে পৌঁছায়, তার অনেকগুলোই যে কৃত্রিমতার জালে ঘেরা, তা সহজেই বোঝা যায়। মাঝেমধ্যে দেখা যায়, কবিতা থেকে কবিতার শরীরই যাচ্ছে হারিয়ে। আবৃত্তিকার কবিতার শব্দগুলোকে অনুভব থেকে বের করে নিয়ে নিজের কণ্ঠের কারুকাজে কী এক নতুন কিম্ভূতকিমাকার জিনিস তৈরি করছেন, যার কোনো মানে নেই। কিছু শব্দতে অকারণ জোর দিয়ে শ্রোতার কানে পৌঁছানোর চেষ্টাও কবিতাকে নষ্ট করে দেয়। আসাদুজ্জামান নূর বললেন, কবিতাটা যদি আবৃত্তিকারের চাপে পড়ে হারিয়ে যায়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। তবে যন্ত্র, কারিগরি দক্ষতা যদি কবিতাকে ঋদ্ধ করে, তবে তাতে দোষের কিছু নেই। জয়ন্ত চট্টোপাধ্যায় মহাবিরক্ত এই কৃত্রিম উচ্চারণে মুনশিয়ানাপ্রাপ্ত আবৃত্তিকারদের নিয়ে। বললেন, ‘আবৃত্তির ক্ষেত্রেও উচ্চফলনশীল ফসলের মতো ঘটনা ঘটছে। উচ্চফলনশীল ফসলের কী হয়? দেখা গেল, ফুলকপি, ঢ্যাঁড়স, করলা, পটল খাচ্ছি, কিন্তু এগুলোর একই স্বাদ। উচ্চফলনশীল সবজির চাষে যেমন মাটির ওপরের স্তরটা নষ্ট হয়ে যায়, তেমনি আমাদের আবৃত্তির মাটিও নষ্ট হয়ে গেছে। কৃত্রিম সার ব্যবহার না করে গোবর সার নিয়ে আবার তা স্বাভাবিক করার চেষ্টা করা দরকার। আমি বোঝাতে পারলাম?’ ভাস্বর বন্দ্যোপাধ্যায় বললেন, কণ্ঠটা সুন্দর হলে ভালো। কিন্তু কণ্ঠটি কবিতার ভাব ও আবেগের সঙ্গে যথাযথভাবে প্রয়োগ করা হলো কি না, সেটাই দেখার বিষয়। নিছক চিত্কার বা গলাবাজি করে কিংবা কৃত্রিমভাবে ভরাট কণ্ঠে কিছু উচ্চারণ করলেই ভালো আবৃত্তি হবে, তা নয়। নিজের কণ্ঠকে স্বাভাবিক রেখেই আবৃত্তি করতে হবে। অনেকেই এখন কবিতার অর্থ না বুঝেই আবৃত্তি করে।তাহলে? তাহলে আবৃত্তির ভবিষ্যত্ কী? আবৃত্তি কি তথাকথিত গলাবাজদের হাত থেকে মুক্ত হবে না?এখানে তাঁরা তিনজনই আশাবাদী। আসাদুজ্জামান নূর বললেন, এগুলো বেশি দিন টেকে না। জয়ন্ত চট্টোপাধ্যায় বললেন, সমাজের একটা ছাঁকনি আছে। সে শুধু ভালো জিনিসটাকেই রেখে দেয়। তাই এই কৃত্রিমতা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিছু তরুণ এখন এদের গলাবাজিতে বিভ্রান্ত হবে, কিন্তু সেটা একসময় কেটে যাবে। ভাস্বর বন্দ্যোপাধ্যায়ও বললেন, ঠিক কণ্ঠস্বরে, অর্থ বুঝে কবিতার আবহ নষ্ট না করে যা করা হয়, সেটাই ভালো আবৃত্তি। সে আবৃত্তির প্রতি মানুষের আগ্রহ বাড়বে।