১৯৩২ সালে এইচএমভি থেকে জগন্ময় মিত্রের তত্ত্বাবধানে বের হয়েছিল মোহাম্মদ নাসিরের রেকর্ড। সেটি সাড়া জাগিয়েছিল দুই বাংলায়। এরপর আরও তিন ডজন রেকর্ড বের হয়। বেতারে গান করেছেন সারা জীবন। গতকাল (২৮ এপ্রিল) ছিল চট্টগ্রামের মরমি ও আঞ্চলিক গানের কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুবার্ষিকী।নাসির উদ্দিন হায়দার কলকাতা থেকে পল্লি গায়কের খোঁজে হিজ মাস্টার্স ভয়েসের (এইচএমভি) প্রতিনিধি এসেছেন চট্টগ্রামে। সেখানে চুপিচুপি উপস্থিত হলেন তরুণ শিল্পী। গিয়ে দেখেন অনেক বড় শিল্পী উপস্থিত সেখানে।শুরু হলো কণ্ঠস্বর পরীক্ষা। তরুণের পালা এল। দরাজ কণ্ঠে গান ধরলেন তিনি—‘বাঁশি বাজেরে হূদ মন্দিরে’। একটা গান শেষ হতে না হতেই ধরলেন আরেকটা—‘দয়াল ভান্ডারি তোরে চিনব কেমনে’।তরুণের সুরেলা কণ্ঠ শুনে চমত্কৃত হলেন হিজ মাস্টার্স ভয়েসের প্রতিনিধি। তরুণের সংগীত-প্রতিভা দেখে বিস্ময়ে অভিভূত তিনি। ছেলেটির নাম মোহাম্মদ নাসির। হিজ মাস্টার্সের জন্য তাঁর নির্বাচন হয়ে গেল।১৯৩২ সালে হিজ মাস্টার্স ভয়েসের আমন্ত্রণে কলকাতায় গেলেন সেই তরুণটি। কণ্ঠস্বর পরীক্ষার দিন যে দুটি গান করেছিলেন, সেগুলোই রেকর্ড করলেন। জীবনে প্রথম গান রেকর্ড, তার ওপর সামনে যে জগন্ময় মিত্র!কিন্তু এতটুকু কুণ্ঠাবোধ দেখা গেল না তরুণ শিল্পীর কণ্ঠে। হূদয়ের সমস্ত দরদ দিয়ে গান দুটি গেয়েছিলেন। প্রখ্যাত শিল্পী জগন্ময় মিত্রের তত্ত্বাবধানে সে রেকর্ড বের হওয়ার পর চারদিকে সাড়া পড়ে গেল। সারা দেশে ছড়িয়ে পড়ল সেই শিল্পীর নাম—মোহাম্মদ নাসির।সেই থেকে শুরু, এইচএমভি থেকে কয়েক ডজন রেকর্ড বের হয়েছে তাঁর। ১৯৩২ সাল থেকে অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রে নিয়মিত পল্লিগীতি গেয়েছেন মোহাম্মদ নাসির। চট্টগ্রামের আঞ্চলিক ও মরমি গানের শিল্পী হিসেবে তিনি পেয়েছেন বিপুল খ্যাতি। শচীন দেব বর্মণ, মৃণাল কান্তির মতো সংগীতজ্ঞের প্রশংসা ও সাহচর্য পেয়েছেন।দেশের অন্যতম শ্রেষ্ঠ পল্লিগীতির গায়ক মোহাম্মদ নাসিরের জন্ম ১৯০২ সালে চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানার সরাইপাড়া মৌজায়। তাঁর বাবার নাম আবদুল হামিদ, মা মাহতাবজান।শৈশব থেকেই গানের প্রতি ঝোঁক ছিল মোহাম্মদ নাসিরের। যেখানেই গানের আসর, সেখানেই হাজির হতেন তিনি। গানের টানে লেখাপড়াও বেশি দূর এগোয়নি। সংগীতে নাসিরকে পথ দেখান লোকমান খাঁ সেরওয়ানি। তিনিই তাঁকে গান শেখার জন্য ওস্তাদ সালামত আলী দেওয়ানের কাছে পাঠান। কিন্তু এর আগেই উপমহাদেশের খ্যাতিমান সংগীতসাধক ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর সান্নিধ্যে আসেন নাসির। তবে নাসিরের সংগীতে হাতেখড়ি আর্য্য সংগীতের প্রতিষ্ঠাতা ওস্তাদ সুরেন্দ্র লাল দাশের হাতে।গত ৮০ বছর মোহাম্মদ নাসিরের গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তাঁর কণ্ঠে যেন বাসা বেঁধেছিল কর্ণফুলীর মিষ্টি সুর। গানে ফিরে ফিরে এসেছে চট্টগ্রামের গ্রামীণ জীবন, নদীর কথা, নারীর কথা। তাঁর গানের বড় অংশ জুড়ে আছে আধ্যাত্মিকতাও। মাইজভান্ডারি গানের অসম্ভব জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি।চট্টগ্রামের শত বছরের ঐতিহ্য সাম্পান। সেই সাম্পান, সাম্পানমাঝি নিয়ে প্রথম গানটি সম্ভবত তিনিই গেয়েছেন। ‘চাঁদ মুখে মধুর হাসি/ দেওয়াইল্যা বানাইলরে মোরে/ সাম্পানর মাঝি’ গানটি এখনো এ অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে। তাঁর খুবই জনপ্রিয় আরও কয়েকটি গান—‘মন পাখিরে বোঝাইলে সে বোঝে না, আইস্তি হইলি বন্ধু ন আইলি, প্রাণ কান্দেরে, যাইবার কালে।’১৯৪৭ সালে দেশ বিভাগের পর নাসির কলকাতা ছেড়ে চট্টগ্রামে চলে আসেন। রেলের চাকরি ছেড়ে দিয়ে সংগীতের সাধনায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন। তদানীন্তন রেডিও পাকিস্তান, ঢাকা কেন্দ্র থেকে পল্লি গান, আঞ্চলিক ও ভক্তিমূলক গান পরিবেশন করেন। ১৯৬৩ সাল থেকে তিনি চট্টগ্রাম বেতারে গান করেন।১৯৭৯ সালের ২৮ এপ্রিল ৭৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।শিল্পীর ছেলে মোহাম্মদ হারুন চট্টগ্রামের সংগীতাঙ্গনের একটি পরিচিত মুখ। তিনি বলেন, ‘দীর্ঘ সংগীতজীবনে মানুষের অশেষ ভালোবাসা পেয়েছেন আমার বাবা। ১৯৭৫ সালে সরকার সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে পুরস্কৃত করে। এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হয় তাঁকে। কিন্তু এর পর আর কেউ খবর নেয়নি। তাঁর স্মৃতি রক্ষায় আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’