কত তারা জ্বলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর ধারে চম্পকনগরের রাজকন্যা পিয়া (রোজিনা)। সঙ্গে সখির দল। নৃত্য-গীত চলছে। ‘পাহাড়ি ফুল আমি মৌরানী...’ সুরে-ছন্দে মুখর চৌদিক। এর মধ্যেই কোমরে তরবারিসমেত পরদেশি সওদাগর আতার (ফেরদৌস) প্রবেশ। গদগদ সংলাপ শুরু—আতা: একটু জল দাও না গো। আমি বড় পিপাসিত।পিয়া: কে তুমি পরদেশি? আমার মনপ্রাণ কেড়ে নিলে...নেপথ্যে (ঘোষক মাজহারুল ইসলামের কণ্ঠ): প্রেম আমির-ফকির মানে না। প্রেম মহান। প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে। স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে। আতা আর পিয়ার প্রেম যখন জমজমাট, তখনই ‘কাবাব মে হাড্ডি’ বিজয়নগরের কাঠুরিয়া তোতার (রিয়াজ) আগমন। তোতা মহা খাপ্পা। পারলে তখনই পরদেশি আতাকে কচুকাটা করে।তোতা: খামোশ। এত বড় সাহস, তুই আমার মনের মানুষকে নিয়ে নাচা-কুদা করছিস। আজ তোকে এমন মার দেব যে তুই পানিও পাবি না...ইত্যাদি ইত্যাদি। অতঃপর আতা-তোতার তরবারির ঝনঝনানি শুরু। মেরিল-প্রথম আলো পুরস্কার লড়াইয়ের ফয়সালার আগেই মঞ্চে হূদয় দখলের লড়াই। কে পাবে চম্পকনগরের রাজকন্যা পিয়ার মন। এ নিয়ে মহা ধুন্ধুমার। দর্শকসারিতে হুলহূল। অনুষ্ঠানের শুরুর দিককার এই চমকপ্রদ মঞ্চায়ন আমাদের বাংলা ছায়াছবির ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেয় আরেকবার। জমকালো সান্ধ্য অনুষ্ঠানের শুরুতেই ছিল অন্য রকম এক প্রতিবাদী মঞ্চায়ন। ঢোল-করতাল আর একতারার সুরে ‘তিন পাগলে হলো মেলা’ দিয়ে মঞ্চ মাতিয়ে গিয়েছিল বাংলার বাউলদল। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জানালেন, মহা আয়োজনের শুরুতেই বাউলদের এই পরিবেশনা আসলে সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর যে অন্যায়-নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী কৃতজ্ঞতা জানান তাঁদের প্রতি, যাঁরা বাংলার বাউলদের মতোই শত প্রতিকূলতার মাঝেও দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। অন্য রকম প্রতিবাদের সঙ্গে ছিল শ্রদ্ধা নিবেদনও। আমাদের মহান মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তিকে সামনে রেখে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা। আর অদিতি মহসিনের ‘শ্যামল সুন্দর’ গানের সঙ্গে শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের মনোমুগ্ধকর নৃত্য ছিল কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীর জন্য উৎসর্গ।নিখাদ বিনোদনের খোঁজে আসা দর্শকদের জন্যও ছিল বিশেষ আয়োজন। পাড়াতো ইভ টিজারদের রুখতে হলে চাই আইনের লম্বা হাত। ‘মার ঘুরিয়ে’ গানের আদলে ‘ঘাড় ঘুরিয়ে’ গেয়ে মেয়েদের উত্ত্যক্ত করতে আসা বখাটে দলের শায়েস্তাও হয়ে গেল গানের তালে তালে। হাবিব ও কণার জনপ্রিয় গান ‘লাজুক পাতার’ সঙ্গে নাচলেন ত্রয়ী জুটি—শখ-সজল, মিম-শুভ ও সারিকা-নিরব। ‘কই গেলা নিঠুর বন্ধু রে’, জল পড়ে পাতা নড়ে, ‘একনজর না দেখিলে বন্ধু’র মতো চিরকালীন জনপ্রিয় গানের সঙ্গে নাচলেন রোমানা, বিন্দু, নিপুণ ও তাঁদের সহযোগীরা। উন্মাতাল হলো মিলনায়তন। জুয়েল আইচ মানেই বিস্ময়! সে কথা প্রমাণ করতেই যেন তিনি জাদুর বাক্স থেকে বের করে আনলেন অনুষ্ঠানের উপস্থাপক জাহিদ হাসানকে। তাঁর সঙ্গী ছিলেন ঝলমলে দুই সহযোগী—মৌসুমী ও মাশিয়াত।টিভি অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন বিরতি চিরকাল বিরক্তই করেছে দর্শকদের। কিন্তু মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের সেই বিজ্ঞাপন বিরতিই উল্টো মাতিয়ে দিল দর্শকমন। পুরস্কার ঘোষণার ফাঁকে ফাঁকেই বিজ্ঞাপনের ছলে দুই পাশের বড় পর্দায় প্রচারিত হয়েছে হাফ ডজন খুদে ছবি। এসব খুদে ছবি যুগপৎ আবেগ ও আনন্দের জোয়ারে ভাসিয়েছে দর্শকদের। আবার কখনো ঠাট্টার ছলে, আলগোছে আলো ফেলেছে দেশের নানা সংকট ও সমস্যার গায়ে।অনুষ্ঠানের অন্তিম আয়োজনটা ছিল মনে চিরতরে দাগ কেটে যাওয়ার মতো। দেশের ব্যান্ড সংগীতের উজ্জ্বলতম এক নাম ‘মাইলস’ দর্শকদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল ১৯৭১ সালে; নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। জর্জ হ্যারিসনের ভুবনবিখ্যাত গান ‘বাংলাদেশ’-এর ব্যতিক্রমী পরিবেশনা চলছিল। আর মাইলসে মুগ্ধ দর্শককুল অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেও বসে ছিলেন মধুর প্রতীক্ষায়। টের পাননি কোন ফাঁকে এবারকার মতো ঘনিয়ে এসেছে আনন্দ-আয়োজনের যবনিকা।