ঈদের মজার এক আয়োজন—ঈদি। ঈদ সালামি নিয়ে ঘটে নানা ঘটনা। তারকারাও এর বাইরে নন। তাঁদেরই কয়েকজন জানাচ্ছেন ঈদি নিয়ে মজার অভিজ্ঞতার কথা

জুঁই সালামি পায় না
মোশাররফ করিম
ঈদিকে আমি বলি সালামি। ঈদি পাওয়ার দিন ছিল ছোটবেলায়। তখন আমার আব্বা নামাজ পড়ে এসেই ঈদি দিতেন। মনে আছে, ছোটবেলায় একবার ৪০০-৫০০ টাকা ঈদি পেয়েছিলাম। আমার বড় ভাবির নাম টুটুল। তিনি ব্যাংকার। ঈদের দিন সালামি দেওয়ার জন্য তিনি ব্যাংক থেকে আগেই নতুন টাকা নিয়ে আসতেন। ঈদের দিন আমরা পেতাম সেই টাকা, সারা দিন নতুন টাকার গন্ধ শুঁকতাম। ঘুরতাম রিকশায় করে—আমি, আওয়াল, মিজু।
দিন বদলেছে। এখন আর সেভাবে ঈদি পাই না; উল্টো দিতে হয়। আমার পক্ষ থেকে এখন সবাইকে ঈদি দেওয়ার কাজটি আমার বউ জুঁই-ই সামাল দেয়। ফলে ঠিক জানি না, এখন ঠিক কত টাকা ঈদি দেই। ঈদি প্রসঙ্গে এবার আমার একটা গোপন দুঃখের কথা বলি: আমার বউ কখনো সালামি পায় না। কী করে পাবে, ঈদের দিন ও তো আমাকে সালামই করে না—আগে সালাম; তার পরেই না টাকা। জুঁই আসলে কেমন যেন, আমি তো ওকে ঈদের সালামি দিতে চাই; কিন্তু ও আমাকে সালামই করে না! ফলে...প্রতি ঈদে জুঁইয়ের সালামিগুলো আমার পকেটেই অক্কা পায়।

সর্বোচ্চ পাঁচ হাজার!
বাঁধন
আগে কেবল ঈদি পেতাম; কিন্তু এখন পাওয়ার চেয়ে দিতেই হয় বেশি। গত ঈদে আমি ঈদি পেয়েছি সাকল্যে দু-তিন হাজার টাকা। তবে দিতে হয়েছে ১৮ হাজার টাকার মতো। আমি ‘বড় হয়ে গেছি’—এ অপবাদ দিয়ে অনেকেই আমাকে ঈদি দিতে চান না। তবে এখানে আরও একটি কথা বলতে হবে, ২০১০ সালে আমার বিয়ের পর প্রথম ঈদে আমি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ঈদি পেয়েছিলাম।
আর এখন ঈদি পায় আমার মেয়ে সায়রা। মাটির ব্যাংকে ওর পাওয়া ঈদি জমিয়ে রাখি আমি। ওকে দেখে যেন আমার শৈশব ফিরে আসে—ছোটবেলায় বাবা-মা, আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া ঈদি জমিয়ে কত কিছুই না কিনতাম—সাজগোজের জিনিসপত্র, নিজের টুকিটাকি পণ্য। ঈদের দিন আমি এবং আমার ছোট দুই ভাই রাজীব ও রাসা মিলে দিনভর রিকশায় ঘুরতাম। আমাদের সবার মনেই তখন দারুণ ফুর্তি। কারণ, একে তো ঈদের হুল্লোড়, তারপর আবার পকেট গরম। দিন শেষে ভাইবোন মিলে হিসাবের খাতা খোলা—কে কত ঈদি পেলাম। আহা, কোথায় গেল সেই সব দিন!

এখন আর ঈদি জোটে না
নিপুণ
এখন ঈদে খুব একটা ঈদি পাই না। যখন ছোট ছিলাম, তখন ছিল ঈদির মচ্ছব—ঈদের আগেই আব্বু ব্যাংক থেকে নতুন টাকা তুলে আনতেন। ঈদের দিন সকালে সেই টাকা হাতে নিয়ে কেমন যেন দিলখুশ হয়ে যেতাম। আমরা তিন ভাইবোন—বড় বোন পলিন, মাঝখানে আমি এবং এরপর আমাদের ছোট ভাই সৌরভ—ঈদি পাওয়ার আনন্দে আমাদের উত্তেজনার শেষ ছিল না। শৈশবে অধিকাংশ ঈদ করেছি নানুবাড়ি কুমিল্লায়। আমার ছয় খালা, ঈদ উপলক্ষে সবাই আসতেন নানুবাড়িতে। ফলে বুঝুন, ঈদে আব্বু-আম্মু, খালা-মামা, নানু—সবার কাছ থেকে কী পরিমাণ ঈদি জুটত আমাদের। সেই ঈদি নিয়ে কুমিল্লার রাস্তায় রিকশায় ঘুরে বেড়ানো, হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে একটু চটপটি খাওয়া...।
এখন ঈদি জোটে না, বরং অনেককে দিতে হয়। তবে কপালে থাকলে এবার কিন্তু বেশ বড়সড় ঈদি জুটতেও পারে আমার—দীর্ঘদিন পর বড় বোন পলিন ঈদ উপলক্ষে লন্ডন থেকে দেশে ফিরছে। ও এলে ওর কাছ থেকে নেবই। সঙ্গে আরও যত বায়না আছে, সেসবের কথা বরং না লেখাই ভালো।

চকচকে নোট
ফারজানা ছবি
ছোটবেলায় ঈদি পাওয়া মানেই ছিল বন্ধুবান্ধবের সঙ্গে মিলে আইসক্রিম খাওয়ার উৎসব। আমরা সাত ভাইবোন। সবার ছোট আমি। তাই আদরের কোনো কমতি ছিল না। প্রথমবার বোধ হয় সালামি পেয়েছিলাম সব মিলিয়ে ২০০ টাকার মতো।
মনে আছে, ঈদের দিন বাবা-মাকে সালাম করে আমার সমবয়সী সুমী, আঁখি, আয়েশা—এদের সঙ্গে ঘুরে বেড়াতাম। মজার ব্যাপার হলো, প্রথমবার ঈদ-সালামি পেয়ে আমি সেটি হারিয়ে ফেলেছিলাম। তারপর শুরু হলো কান্না। ঈদি জমিয়ে শখের জিনিসপত্র কিনতাম আমি। অপেক্ষায় থাকতাম, কবে স্কুল খুলবে, কবে সালামির টাকাগুলো বন্ধুদের ডাঁট দেখিয়ে দেখাব। কিন্তু এখন এই বড়বেলায় এসে দেখি, সালামি একেবারে কমও দিতে হয় না—আমার বড় ভাইয়ের ছেলেমেয়েরা আছে, তাদের সালামির আবদার মেটাতে হয়। প্রথমবার যখন সালামি দিলাম, সব মিলিয়ে হাজার টাকার মতো দিতে হয়েছে। ছোটবেলায় সালামি পেতে যেমন আনন্দ লাগত, এখন সালামি দিতে তার চেয়ে বেশি ভালো লাগে। প্রিয়জনদের কিছু দেওয়া, সেটা স্রেফ ভালোবাসা বা স্নেহ যা-ই হোক—দিতে পেরে আমি সব সময় খুশি। তবে ঈদের দিন সকালে এখনো আমি অপেক্ষায় থাকি—কখন আমার ভাইয়ের কাছ থেকে একটি সুন্দর খাম পাব, সেই খামের ভেতর থাকবে চকচকে নোট—ঈদ সালামি।

ঈদি পেলাম পায়েস!
সজল
ঈদে সর্বোচ্চ ঈদি পেয়েছিলাম নয় হাজার টাকা, ২০০৪ সালে। ঈদ এলেই আমার মনে পড়ে নানার দেওয়া ১০ টাকার কথা। একসময় আমরা সবাই নানাবাড়িতে ঈদ করতাম। ঈদের দিন সকালে নানা আমাদের ভাইবোনদের প্রত্যেককে ১০ টাকা করে দিতেন—আহা, কী মজাই না ছিল সেই সব দিন! ঈদি পকেটে ভরে চলে যেতাম স্টেডিয়ামে। সেখানে গিয়ে পিস্তল কিনতাম। আর এখন ঈদ তো কাটে ঘুমিয়ে। ঈদের আগের দিনগুলোতে হাড়ভাঙা খাটুনি যায়। ফলে ঈদ মানে ঘুম দিবস। খুব সকালে ঈদের নামাজ পড়ে এসে এই ঘুমের কারণে কখনো এমনও হয়েছে, ছোটদের ঈদিই দেওয়া হয়নি! দেখা গেল, আমার ঘুম ভেঙেছে বিকেল চারটার দিকে। ততক্ষণে ওরা তো বেরিয়ে গেছে!
এখনো ঈদি পেতে পছন্দ করি আমি। এ ক্ষেত্রে এগিয়ে আছেন অভিনেতা আফজাল হোসেনের স্ত্রী তাজিন হোসেন। তিনি বিচিত্র রকমের ঈদি দেন। আমি খুব পায়েস খেতে পছন্দ করি। একবার তিনি আমাকে ঈদি হিসেবে দিলেন পায়েস! আরেকবার দিয়েছিলেন এক বাক্স চার আনার কয়েন। ঈদি পেলে আমার মন ভালো হয়ে যায়।