কতটা জনপ্রিয় বোঝা যায় ফোনালাপের মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনের গান অনুষ্ঠানে শিল্পী মনির খান ও উপস্থাপক লুইপা
ছুটির দিনের গান অনুষ্ঠানে শিল্পী মনির খান ও উপস্থাপক লুইপা

একটি ভালো নাটকের আলোচনা দিয়েই শুরু করা যাক। ২৩ সেপ্টেম্বর বেলা ১১টা ৭ মিনিটে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় দেশ টিভিতে প্রচারিত হলো বিরতিহীন নাটক একটি ঝড়াক্রান্ত শেফালিগাছ। নাটকটি শেফালি নামের একটি মেয়ের জীবন নিয়ে রচিত। গ্রামের ভাগ্যবিড়ম্বিত আশ্রয়হীন শেফালি স্বামীর হাত ধরে উঠে আসে ঢাকা শহরে। স্বামী তার ট্যাক্সিচালক নেশাখোর। নেশার টাকা জোগাতে সে শেফালিকে বেচে দেয় অন্যের হাতে। তারপর একের পর এক হাতবদল আর স্থানবদল হতে থাকে শেফালির। শেফালিকে সবাই মেয়েমানুষ ভাবে, কেউ মানুষ ভাবে না। অতঃপর শহুরে বাস্তবতার ধাক্কা খেয়ে আবার গ্রামে ফেরার পথে নদীর ধারে পড়ে থাকে শেফালির লাশ। সবাই কৌতূহল নিয়ে ঘিরে থাকে, এর মাঝে এক গ্রাম্য ডাক্তার এসে আবিষ্কার করে শেফালি মরেনি। এরপর গ্রাম্য হাসপাতালের বিছানায় শুয়ে মরণের ঘোরে শেফালি আকুতি জানায়, আমি বাঁচতে চাই।

নাটকটিতে তেমন সুনির্দিষ্ট ও সুগঠিত কোনো গল্প নেই, কিন্তু নাটক আছে। গোটা নাটকজুড়ে আছে শেফালির জীবনের খণ্ড খণ্ড ঘটনা এবং তার প্রতিটি বাঁকে দুর্নিবার নাটকীয়তা। জীবনের রূঢ় বাস্তবতা আছে অথচ অহেতুক চিৎকার-চেঁচামেচি নেই। অত্যন্ত পরিমিত সংলাপ, পুরো নাটকের সংলাপ হয়তো হাতে গুণে বলা যাবে। চিত্রনাট্য এবং দৃশ্যায়নও আকর্ষণীয়। একটি বিষয় আমাদের কাছে কিছুটা বিসদৃশ মনে হয়েছে তা হলো, ঘটনার ফাঁকে ফাঁকে শেফালির বর্ণনা, অনেকটা প্রামাণ্যচিত্রের মতো। এটি পরিহার করা গেলে হয়তো আরও ভালো লাগত।

শেফালি চরিত্রে জ্যোতিকা জ্যোতির অভিনয় অসাধারণ। কিছু কিছু চরিত্র মনে হয়েছে, শুটিং স্পটের বাস্তব মানুষগুলো থেকেই নেওয়া, কোনো অভিনেতা-অভিনেত্রী নয়। এটিও আসলে পরিচালকের চিন্তা ও দক্ষতারই বহিঃপ্রকাশ।

নাটকটি পুনঃপ্রচার কি না বলা হয়নি, তবে বিরতিহীন নাটক দেখলেই তো মনটা স্বস্তিতে ভরে যায়। দেশ টিভির এ উদ্যোগকে আমরা আগেও প্রশংসা করেছি। সব চ্যানেল এমন উদ্যোগ নিলে আমাদের বিশ্বাস, দর্শক কিছুটা স্বস্তি পেতেন এবং নাটকেরও জনপ্রিয়তা বাড়ত।

২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে লুইপার উপস্থাপনায় এনটিভিতে প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ছুটির দিনের গান। এ দিন শিল্পী ছিলেন মনির খান। সুরেলা ও আবেগময় কণ্ঠের অধিকারী মনির খান এ অনুষ্ঠানে একটানা প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেন। অত্যন্ত মার্জিত উপস্থাপনা ও সহশিল্পীদের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ অনুষ্ঠানটিকে করে তোলে আকর্ষণীয়। শ্রোতাদের কাছে তিনি যে কতটা জনপ্রিয় তা বোঝা যায় তাঁদের ফোনালাপের মাধ্যমে। শ্রোতাদের অনুরোধে তিনি একে একে পরিবেশন করেন তাঁর বাবার গান ‘বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে’, মায়ের গান ‘শুধু মা নেই, শুধু মা নেই’, ‘আট আনার জীবন, চার আনা ঘুমে’, ‘চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে’ ইত্যাদি জনপ্রিয় গান।

এ ছাড়া গানের ফাঁকে ফাঁকে তাঁর সংগীতজীবনের স্মৃতিচারণা এবং অগ্রজ সংগীত পরিচালক, গীতিকার ও শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ যেমন দর্শকদের জন্য ছিল আকর্ষণীয়, তেমনি অনুজ শিল্পীদের জন্যও ছিল অনুসরণীয়। লুইপার উপস্থাপনা ছিল বিনম্র, মিষ্ট ও আন্তরিকতাপূর্ণ। অনুষ্ঠানের সঙ্গে একেবারে মানানসই।

১৯ সেপ্টেম্বর বিকেল ৬টা ২০ মিনিটে অ্যানির উপস্থাপনায় এবং সেলিম দৌলা খানের প্রযোজনায় এটিএনে প্রচারিত হলো ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘চার দেয়ালের কাব্য’। অত্যন্ত কাব্যিক নামের এ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দীর্ঘদিন। গৃহ যেহেতু আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটি ক্ষেত্র, সে জন্যই গৃহসজ্জার এ অনুষ্ঠানটিও সবার কাছে বেশ আকর্ষণীয়।

এবারে অনুষ্ঠানে ছিল বৃক্ষপ্রেমী ও শিল্পী আমিনুল ইসলামের বাসার রং ডিজাইন ও সাজসজ্জার উপস্থাপনা। দুই পর্ব মিলিয়ে এ উপস্থাপনায় শিল্পী নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন ও বর্ণনা করেছেন তাঁর গৃহসাজ। এক কথায় চমৎকার। শখ এবং সংগতির পাশাপাশি তাঁর রুচিবোধ দর্শকদের হৃদয় স্পর্শ করে গেছে। এটাও বোঝা গেছে, এ অনুষ্ঠানটি কেন জনপ্রিয়।

তবু অনুষ্ঠানটি দেখার পর দর্শক হিসেবে আমাদের মনে হয়েছে, এটি সাপ্তাহিক ছুটির দিনে এবং আরেকটু সুন্দর সময়ে প্রচারিত হওয়া উচিত, যখন গৃহকর্তা ও কর্ত্রীরা অবসর পান ও টিভি দেখেন। আর অনুষ্ঠানের সময়ও আরেকটু বাড়ানো উচিত এবং সঙ্গে গৃহসজ্জার কোন উপকরণ কোথায় পাওয়া যায়, কেমন দাম, কোন ক্ষেত্রে কাদের সহায়তা নেওয়া যায় ইত্যাদি তথ্য উপস্থাপন করা হলে অনুষ্ঠানটি আরও পরিপূর্ণ ও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।

২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাবেরী আলমের উপস্থাপনায় দেশ টিভিতে প্রচারিত হলো অনুষ্ঠান ‘নামে নামে টক্কর’। অনুষ্ঠানের বিষয় ভাবনা ও নামকরণটি অভিনব। শুধু নামের মিলের কারণে এবারে আমন্ত্রিত ছিলেন দুই ভুবনের দুজন প্রথিতযশা শিল্পী অভিনেত্রী মিতা চৌধুরী ও রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। স্বল্প সময়ের এ অনুষ্ঠানে তিনজনের আলাপচারিতার মধ্য দিয়ে যেন আলোকিত হয়ে উঠছিল দুজন শিল্পীর দুটি আলাদা জগৎ। নামের কারণে মিতা চৌধুরী ও মিতা হকের এ মিলন দর্শকের কাছেও হয়েছে উপভোগ্য। তবে উপস্থাপিকা সাবেরী আলমের উপস্থাপনা দর্শকদের বেশ হতাশ করেছে। তাঁর শব্দগঠন ও বাক্য উপস্থাপনায় ছিল সাবলীলতার অভাব। অনুষ্ঠান রেকর্ডিংয়ের পর এটি তাঁর মনোযোগ দিয়ে দেখা উচিত। তাঁর মতো একজন অভিনেত্রীর কাছে এমন উপস্থাপনা আমাদের মোটেই প্রত্যাশিত নয়।