কতটা দীর্ঘ ২৫ বছরের পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলআরবি পার করল ২৫ বছর l ছবি: সুমন ইউসুফ
এলআরবি পার করল ২৫ বছর l ছবি: সুমন ইউসুফ

আইয়ুব বাচ্চু, জয়, স্বপন এবং এস আই টুটুল। এলআরবি ব্যান্ডের চার প্রতিষ্ঠাতা সদস্য। সময়টা ১৯৯১। এরপর একে একে যোগ দেন মিল্টন, রিয়াদ, সুমন ও কাজী হাবলু। প্রথম কনসার্ট করে ঢাকার একটি আন্তর্জাতিক ক্লাবে। শুরুটা ছিল ইংরেজি গান দিয়ে। সেদিন ব্যান্ডটি টানা পাঁচ ঘণ্টা বাজায়। তখন ব্যান্ডটি ইগলস, সান্টানা, ডিপ পার্পল—এদের গান করত। এর কিছুদিন পর ঢাকার শিশু একাডেমিতে আরেকটি কনসার্টে গান করে এলআরবি। হোটেলের বাইরে এটাই ছিল দর্শকদের সামনে তাদের প্রথম কনসার্ট। ওই হিসাবে এ বছর ২৫ বছর পূর্ণ হচ্ছে। সেদিনের সেই কনসার্টে এলআরবি ছাড়াও গান গায় রেনেসাঁ ও ফিডব্যাক। প্রতিষ্ঠাতা সদস্য আইয়ুব বাচ্চু ও স্বপন ছাড়া বর্তমানে আছেন রোমেল, মাসুদ ও শামীম। এখন পর্যন্ত তাঁদের নিয়েই এগিয়ে যাচ্ছে ব্যান্ডটি।
২০ ডিসেম্বর ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কনসার্টের আয়োজন করেছে এলআরবি। ‘টোয়েন্টি ফাইভ ইয়ারস সেলিব্রেশন কনসার্ট’ শুরু হবে ওই দিন সন্ধ্যায়। চার ঘণ্টার সেই অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অনুষ্ঠান দেখতে আসা দর্শক ও অতিথিরা ১৯৯১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভ্রমণ করবেন বলে জানান আইয়ুব বাচ্চু।
‘টোয়েন্টি ফাইভ ইয়ারস সেলিব্রেশন কনসার্ট’-এর প্রস্তুতি দেখার জন্য ৭ ডিসেম্বর বিকেলে গিয়েছিলাম ঢাকার তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে। ঢুকতেই চোখে পড়ল অনেকগুলো গিটার ঝুলে আছে। মহড়াও মাত্র শেষ হয়েছে। আইয়ুব বাচ্চুর কাছে যেতেই বললেন, ‘গিটার কিন্তু সবগুলো আমারই। আমাদের এই মহড়ার মুহূর্তগুলো টেলিভিশন আর ফেসবুকে যাবে। নিজেদের ২৫ বছর পূর্তি নিয়ে আয়োজন যেহেতু, তাই গিটারগুলো নিয়ে এলাম। ভক্তরা দেখুক। সামনে গিটার নিয়ে একটি শো করব।’

.
.

ব্যান্ডের নাম প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বললেন, ‘কোনো কিছু ভেবে নামকরণ করিনি। আমি যখন নামটি প্রস্তাব করি, অন্য সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেন। তাঁরা আমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীলও ছিলেন। এভাবেই নামকরণ হয়ে যায়।’
এলআরবি প্রতিষ্ঠা পাওয়ার পরই বাংলা ব্যান্ড সংগীতে যেন নতুন করে পরিবর্তনের ছোঁয়া লাগে। ডবল অ্যালবাম দিয়ে সেই পরিবর্তনের ছোঁয়াটাকে স্থায়ী রূপ দেয় তারা। নব্বইয়ের দশকের শুরুতে মাধবী ও হকার নামে বের হয়েছিল এলআরবির সেই বিখ্যাত ডবল অ্যালবাম।
১৯৯১ সালে যাত্রার পর থেকে আজ অবধি ব্যান্ডটি বহু অ্যালবাম আর অসংখ্য জনপ্রিয় গানের অ্যালবাম উপহার দিয়েছে। এর মধ্যে আছে সুখ, তবুও, ঘুমন্ত শহরে, স্বপ্ন, ফেরারি মন, আমাদের বিস্ময়, মন চাইলে মন পাবে, অচেনা জীবন, মনে আছে নাকি নাই, স্পর্শ ও যুদ্ধ।
বর্তমান প্রজন্মের কাছেও এলআরবি দারুণ জনপ্রিয়। এলআরবি যখন কোনো স্টেজ শোতে গান পরিবেশনের জন্য 3যায়, তখন নির্ধারিত কয়েকটি গান গাওয়ার কথা থাকলেও তা আর হয়ে ওঠে না। শ্রোতা-ভক্তের চাহিদার কারণে রাত কেটে গেছে এমন নজিরও আছে। দর্শকদের চাওয়াকে কখনোই উপেক্ষা করে যেতে পারে না তারা। ফলে দর্শক-শ্রোতারা আপ্লুত হন এলআরবির এমন সব পরিবেশনায়।
এলআরবি শুধু তাদের যন্ত্র কিংবা সুরের জন্যই বিখ্যাত হয়ে ওঠেনি, বরং তাদের গানের কথাও মানুষের কাছে অসম্ভব প্রিয় হয়ে ওঠে। ‘হকার’ তেমনই একটি গান। এই গানে একজন হকারের জীবন, তার বাঁচার তাগিদ ও নির্মম মৃত্যুর কথা তুলে ধরা হয়। আইয়ুব বাচ্চু বলেন, ‘এধরনের আরও অসংখ্য গান আছে, যেগুলোর মধ্য দিয়ে আমরা নানা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। এই যেমন “কেন তুমি হাসালে কেন তুমি কাঁদালে” গানে আমরা ঈশ্বরকে প্রশ্ন করে গান করেছি। আবার “ঘুম ভাঙা শহরে” গানে একটা কিশোরের আর্তনাদের ব্যাপার তুলে ধরেছি। তথাকথিত বা গৎবাঁধা প্রেমের গান কখনোই আমরা করতে চাইনি।’ এখন প্রতিদিনই সন্ধ্যার পর নিয়মিত প্র্যাকটিস প্যাডে বসছেন এলআরবির সদস্যরা।
‘টোয়েন্টি ফাইভ ইয়ারস সেলিব্রেশন কনসার্ট’-এর পরিকল্পনাগুলো চূড়ান্ত করছেন। ২০ ডিসেম্বরের অনুষ্ঠান পরিকল্পনা প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বললেন, ‘আমাদের প্রথম অ্যালবাম থেকে শুরু করে এ পর্যন্ত প্রকাশিত সব কটি অ্যালবাম থেকে উল্লেখযোগ্য গানগুলো করব। চার ঘণ্টার এই অনুষ্ঠান কীভাবে ড্রাইভ করব, সেটা ডিজাইন করে রাখছি। কিছু সময়ের জন্য ১৯৯১ থেকে ২০১৬ পর্যন্ত ভ্রমণ করব।’

এলআরবি এ পর্যন্ত দেশে ও দেশের বাইরে হাজারের বেশি কনসার্টে গান করেছে। দেশের বাইরে সবচেয়ে উল্লেখযোগ্য কনসার্ট হচ্ছে ২০০০ সালে নিউইয়র্কের মেডিসিন স্কয়ার গার্ডেনে। সেদিন ২৫ হাজারের মতো দর্শক-শ্রোতা ছিলেন।’

 কথা শেষ করতে হবে। ২৫ বছরে উপলব্ধি কী, জানতে চাইলে আইয়ুব বাচ্চু বলেন, ‘এখনো মনে হয় কিছুই শিখিনি। এই দীর্ঘ সময়ে প্রাপ্তি গানপাগল মানুষের অমূল্য ভালোবাসা।’

২৫ বছরে অসাধারণ গানে এখনো চোখের সামনে ভেসে ওঠে দারুণ স্মৃতি। গৌরবের সঙ্গে ২৫ বছর ধরে পথ চলতে থাকা বাংলা এই গানের দলের জন্য রইল শুভকামনা। তাদের জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকুক যুগ যুগ ধরে।

এলআরবির জনপ্রিয় দশ গান

*ঘুমভাঙা শহরে

*ঘুমন্ত শহরে

*চল বদলে যাই

*ফেরারী মন

*হাসতে দেখ গাইতে দেখ

*লোকজন কমে গেছে

*নীল বেদনা

*হকার

*মাধবী

*বাংলাদেশ

এলআরবির উল্লেখযোগ্য অ্যালবাম

* এলআরবি ১ ও এলআরবি ২ (১৯৯২)

* তবুও (১৯৯৪)

* সুখ (১৯৯৩)

* ঘুমন্ত শহরে (১৯৯৫)

* স্বপ্ন (১৯৯৬)

* ফেরারী মন (১৯৯৬)

* আমাদের বিস্ময় (১৯৯৮)

*মনচাইলে মন পাবে (২০০১)

*অচেনা জীবন (২০০৩)

*মনে আছে নাকি না​ই (২০০৫)

* স্পর্শ (২০০৮)

* যুদ্ধ (২০১২)