কত্থক নৃত্য উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হবে কত্থক নৃত্য উৎসব। কত্থক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে এই উৎসব চলবে তিন দিন। আজ সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সেলিনা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বছর জাতীয় পর্যায়ে সারা দেশ থেকে নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীরা মঙ্গল প্রদীপ প্রজ্বালন করবে। অনুষ্ঠানে নৃত্যগুরু গোলাম মোস্তফা খানকে জীনাত জাহান স্মৃতি সম্মাননা পদক দেওয়া হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, আনিসুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান উদ্বোধনের পর আজ ১০টি নৃত্য পরিবেশনা রয়েছে। আগামীকাল বুধবার উৎসবের দ্বিতীয় দিনের শুরুতে রয়েছে কত্থক নৃত্যবিষয়ক সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন শেখ মেহেদী হাসান। বক্তব্য দেবেন সারোয়ার আলী, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, রেজোয়ান আলী ও সাজু আহমেদ। সন্ধ্যায় রয়েছে ‘কত্থক গীতমালিকা’ শীর্ষক নৃত্য পরিবেশনা। বৃহস্পতিবার শেষ দিন সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে আলোচনা ও নৃত্যানুষ্ঠান।
সংগঠনের পরিচালক সাজু আহমেদ জানান, দ্বিতীয়বারের মতো সারা দেশের কত্থক নৃত্যশিল্পীদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।