কথা অভিনয়ের...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওম পুরি
ওম পুরি

অভিনেতা ওম পুরির মৃত্যুতে নস্টালজিয়ায় আক্রান্ত হই। সেই আশির দশকের মাঝামাঝি চট্টগ্রামের এক খোলা মাঠে গোবিন্দ নিহালনির আক্রোশ ছবিটির প্রদর্শনী চলেছিল টানা কয়েক রাত। প্রথম প্রদর্শনীতে উপভোগ করেছি নিহালনির ধারালো ছবিটিকে। এরপর শুধু এই চলচ্চিত্রের দুই প্রধান অভিনেতা ওম পুরি ও নাসিরুদ্দিন শাহর অভিনয় দেখব বলে টানা কয়েকবার দেখেছি ছবিটি। এই উপমহাদেশের চলচ্চিত্রের অভিনয়-ইতিহাস পাল্টে দিয়েছেন এই দুজন। মূল অভিনেতা-অভিনেত্রীর চেহারার উপরিতল বরাবর গুরুত্বপূর্ণ এখানে। আপেলের মতো নিখুঁত মুখের কদর বরাবর। কিন্তু এই দুজন সব ব্যাকরণ ভেঙে আমাদের একেবারে ঘোর লাগিয়ে দিয়েছেন ভেতরের বস্তু দিয়ে। অভিনয় চেহারায় নয়, আসে রক্তের অতলান্ত থেকে—দেখিয়ে দিয়েছেন তাঁরা।

আক্রোশ ছবিতে ওম পুরির কোনো সংলাপই নেই বলতে গেলে, শেষের এক আর্তচিৎকার ছাড়া। কিন্তু শুধু অভিব্যক্তির মধ্য দিয়ে প্রতিটি দৃশ্যে পর্দায় কী দুর্দান্ত উপস্থিতি তাঁর। সমান্তরালে কী দুর্ধর্ষ নাসিরুদ্দিন শাহের অভিনয়। বেশ কিছু চলচ্চিত্রে কাহিনি নয়, ফটোগ্রাফি নয়, শুধু তাঁদের অভিনয় খুঁটিয়ে দেখব বলে দেখেছি একাধিকবার। বিশ্ব চলচ্চিত্রের এমন কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন, শুধু যাঁদের অভিনয় দেখব বলে ফিরে ফিরে গেছি কোনো বিশেষ চলচ্চিত্রে। পৃথকভাবে শুধু তাঁদের অভিনয়ের চড়াই-উতরাই দেখেছি বুঁদ হয়ে, যেমন গভীর মনোযোগে দেখি কোনো বিশেষ চিত্রকলা বা পড়ি কোনো কবিতা।

ফরাসি চলচ্চিত্রকার জাঁ লুক গদারের অনেক চলচ্চিত্রের অভিনেতা জঁ পল বেলমান্দো আমাকে যেমন ঘোরে ফেলেছিলেন, তেমনভাবে আমাকে আচ্ছন্ন করেছিলেন জাপানি চলচ্চিত্রকার কুরোশাওয়ার প্রায় সব চলচ্চিত্রের মূল অভিনেতা তোশিরো মেফুন, চীনা চলচ্চিত্রকার ঝাং ইয়ামুর অধিকাংশ চলচ্চিত্রের অভিনেত্রী গং লি, ইরানি চলচ্চিত্রকার আসগর ফারহাদির চলচ্চিত্রের প্রধান অভিনেতা সাহাব হোসাইনী অথবা হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ বা অভিনেতা ডাস্টিন হফম্যান। তাঁদের অভিনয় স্বতন্ত্রভাবে যেন একটি শিল্পকর্ম। তাঁদের কারোরই প্রচলিত অর্থে চাঁদবদন নেই। কিন্তু তাঁরা প্রমাণ করেছেন যে অভিনয় চাঁদমুখ থেকে আসে না, অভিনয় আসে ধমনির লোহিত কণিকা থেকে।

আমার সমস্ত যৌক্তিক মনকে জাদুকরের কবুতরের মতো হাওয়ায় উড়িয়ে দিয়ে শিশুর মতো বিশ্বাস করতে বাধ্য করিয়েছেন বেলমান্দো আসলে দ্য টু উইম্যান চলচ্চিত্রের সেই যুদ্ধ আক্রান্ত গ্রামের নাজুক, মেধাবী তরুণ, মেফুন বস্তুত সেভেন সামুরাইয়ের সেই দুর্ধর্ষ সামুরাই, লি রেজ দ্য রেড লেন টার্ন-এর ভূস্বামীর সেই বিদ্রোহী উপপত্নী, হোসাইনী সেপারেশন-এর সেই দ্বিধাগ্রস্ত স্বামী, স্ট্রিপ ক্রামার ভার্সাস ক্রামার-এর সেই একাকী নারী বা হফম্যান রেইনম্যান-এর সেই অটিস্টিক তরুণ। তাঁদেরই অন্য চলচ্চিত্রে আবার আবিষ্কার করেছি একেবারে ভিন্ন আবহে।

প্রখ্যাত রুশ নাট্যতাত্ত্বিক স্তানিস্লোভস্কি যেমন বলেন, তুমি যে চরিত্রে অভিনয় করবে, আগে দেখো তোমার নিজের ব্যক্তি চরিত্রের থেকে ওই অভিনয়ের চরিত্রের দূরত্ব কতটুকু। তারপর নেমে পড়ো সেই দূরত্ব ঘোচাতে। নিজের চরিত্র ও অভিনীত চরিত্রের সেই দূরত্ব ঘোচানো দুরূহ পরিশ্রমের কাজ। চাই গবেষণা, ধ্যান আর হাড়ভাঙা খাটুনি। এসব অভিনেতা-অভিনেত্রী তা করেছেন। নিজেদের ঘষে-মেজে প্রশিক্ষিত করেছেন দিনের পর দিন, বছরের পর বছর। তারপর হয়ে উঠেছেন একেকজন মূর্তিমান কবিতার মতো, যাকে পাঠ করে অভূতপূর্ব আনন্দ পেয়েছি আমরা। এই অভিনেতা-অভিনেত্রীদের সাক্ষাৎকার শুনে, পাঠ করে দেখেছি কী গভীর, গাঢ় প্রস্তুতি তাঁদের। চিন্তায় কী পরিষ্কার তাঁরা, মস্তিষ্ক কত মেধাবী। একজন অভিনয়শিল্পীর জীবনচর্চায় নিজেকে করে তুলেছেন বৃষ্টির পানির মতো স্বচ্ছ, তরল। তারপর অনায়াসে প্রবাহিত হয়ে গেছেন বিবিধ চরিত্রের শরীরে এবং নিয়েছেন তাঁদের আকার। ফলে তাঁরা আবির্ভূত হয়েছেন ব্যাপক বিচিত্র চরিত্রে এবং বরাবর ঘোরে ফেলে দিয়েছেন আমাদের।

এ কথাও স্মরণ রাখি যে আরেক কিংবদন্তি নাট্যচিন্তক জার্মানের ব্রেখট অবশ্য অভিনয় বিষয়ে ভিন্ন ধারণা পোষণ করেন। তিনি মনে করেন, অভিনেতা তাঁর অভিনীত চরিত্রের সঙ্গে দূরত্ব না ঘুচিয়ে বরং একটা দ্বান্দ্বিক সম্পর্কই বজায় রাখবেন। ব্রেখট ছিলেন কার্ল মার্ক্স অনুপ্রাণিত, যেখানে স্তানিস্লোভস্কি ছিলেন ফ্রয়েড-ভক্ত। বলা বাহুল্য, ব্রেখট তাঁর অভিনয়তত্ত্ব গড়ে তুলেছেন মঞ্চকে বিবেচনায় রেখেই। সাম্যবাদী রাজনৈতিক দর্শন সামনে রেখেই নাটক করতেন তিনি। দর্শককে তিনি মঞ্চ-বাস্তবের মায়ায় পুরোপুরি না জড়িয়ে টেনে আনতে চাইতেন যথার্থ বাস্তবে। তাঁর নাটকের কোনো খনিশ্রমিক হঠাৎ চরিত্র থেকে বেরিয়ে এসে দর্শককে জানিয়ে দেন যে ভুলে যাবেন না, আমি একজন অর্থনীতিতে স্নাতক ব্যাংক কর্মকর্তা এই মুহূর্তে একজন খনিশ্রমিকের চরিত্রে অভিনয় করছি। বলা বাহুল্য, এই নিরীক্ষা মঞ্চের জন্য জুতসই। চলচ্চিত্রের অভিনয়ে সম্ভবত স্তানিস্লোভস্কি বেশি প্রাসঙ্গিক, যেখানে অভিনেতাকে প্রবেশ করতে হয় অভিনীত চরিত্রের আলো-অন্ধকারের পৃথিবীতে। অবশ্য উডি এলেনের মতো চলচ্চিত্র পরিচালকেরা চলচ্চিত্রেও প্রয়োগ ঘটিয়েছেন ব্রেখট ধারণার, যেমন তাঁর এ্যানি হল চলচ্চিত্রটি।

মঞ্চে হোক, চলচ্চিত্রে হোক—স্বতন্ত্রভাবে শুধু অভিনয়ের মধ্য দিয়ে মনের ভেতরে মোম জ্বলা কবিতার মুহূর্ত তৈরি করতে পারেন এমন অভিনেতা, অভিনেত্রী খুঁজি আমাদের চলচ্চিত্রে, টিভির পর্দায়, মঞ্চে। অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে তাঁর অভিনীত চরিত্রের দূরত্বের ফারাক প্রায়শই মনে হয় যোজন যোজন। মনে হয় যেন বা সেই ধ্যান, চর্যা আর প্রশিক্ষণের ঘাটতি। তারপরও প্রবীণ, নবীন বিস্তর গুণী অভিনেতা-অভিনেত্রী আছেন আমাদের। তাঁদের অনেকের ভেতরে জ্বলে উঠতে দেখেছি তেমন অভিনয়মুহূর্ত। তবে কথা এ-ও সত্য যে অভিনেতা-অভিনেত্রীর রক্তের লোহিত কণিকার ভেতরে চোরাগোপ্তা বইতে থাকা সেই অভিনয় বস্তুকে খুঁড়ে আনা নির্দেশক, পরিচালকেরও কাজ। তাঁর ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন কি বিশ্বমানের অভিনেতা হুমায়ুন ফরীদি? তেমন চলচ্চিত্র বা মঞ্চ নাটক দেখার সাধ হয় যেখানে কোনো এক বিশেষ অভিনেতা, অভিনেত্রীর অভিনয়ে মগ্ন হওয়ার জন্য ফিরে ফিরে যেতে ইচ্ছা হবে, একটা চমৎকার কবিতা বারবার পড়ার মতো।

লেখক: কথাসাহিত্যিক