স্মৃতিচারণা, আবৃত্তি, গল্প পাঠ ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হলো নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদকে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি হুমায়ূন আহমেদের স্মরণসভার আয়োজন করে।হুমায়ূন আহমেদের চিরবিদায়ের ৫২ দিন অতিক্রম হলো গতকাল। তাঁর প্রস্থানের শোক এখনো ব্যথাহত করে রেখেছে অগণিত অনুরাগীদের। অনুষ্ঠান শুরুর আগেই তাঁরা উপস্থিত হয়েছিলেন প্রিয় লেখকের স্মরণসভায়। মিলনায়তন ছিল পরিপূর্ণ। অনেকেই ভেতরে আসন পাননি। সামনের বারান্দা এবং প্রাঙ্গণে উপস্থিত থেকে আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অনুষ্ঠান শুরু হয়েছিল হুমায়ূন আহমেদের জীবন ও কর্মের ওপর ইফতেখার মুনিম নির্মিত তথ্যচিত্র অন্তিম যাত্রার প্রদর্শনী দিয়ে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এক মিনিট নীরবতা পালন করা হয় স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি মহিউদ্দীন আহমেদ। তিনি হুমায়ূন আহমেদের মেয়ে নোভা আহমেদের হাতে তথ্যচিত্রটির সিডি তুলে দেন। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ।বক্তারা হুমায়ূন আহমেদের কাজের মূল্যায়নের পাশাপাশি তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের স্মৃতিচারণা করেন। এতে ছিল তাঁর প্রথম টেলিভিশন নাটক লেখা, সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া এবং সেখানে সমুদ্রবিলাস নামের বাড়ি তৈরি, নেত্রকোনায় স্কুল নির্মাণ, নুহাশপল্লীতে আড্ডা ও নানা সরস ঘটনা। এসবের মধ্য দিয়ে ব্যক্তি হুমায়ূনকে নানা কৌণিক দৃষ্টিভঙ্গি থেকে শ্রোতা-দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন বক্তারা।বক্তারা বলেছেন, হুমায়ূনের বহুমাত্রিক সৃজন কর্মকে পরবর্তী প্রজন্মের জন্যই সংরক্ষণ করতে হবে। হুমায়ূন আহমেদের অভাব সহজে পূরণ হওয়ার নয়। তিনি প্রকাশনাশিল্পকে আজকের অবস্থানে আনার প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছেন। যে পাঠকগোষ্ঠী সৃষ্টি করেছেন সেই পাঠকদের ধরে রাখা এবং প্রকাশনাশিল্পের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এখন কাজ করে যেতে হবে।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। আলোচনায় অংশ নেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মফিদুল হক, নওয়াজেশ আলী খান, সালেহ চৌধুরী, ফরিদুর রেজা সাগর, আনিসুল হক, মুহিত কামাল ও মাজহারুল ইসলাম। পরিবারের পক্ষে স্মৃতিচারণা করেন হুমায়ূন আহমেদের ছোটভাই আহসান হাবীব।আলোচনা ও স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে ছিল আবৃত্তি ও পাঠ। জ্যোৎস্না নিয়ে হুমায়ূন আহমেদের লেখা একটি কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ। শিমুল মুস্তফা পড়েন ছোট গল্প একজন কৃতদাস। হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা ছড়া পড়েন আলম তালুকদার। শেষে ছিল শ্রাবণমেঘের দিন চলচ্চিত্রের প্রদর্শনী।