কথা, গান, চলচ্চিত্রে জহির রায়হান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে ছিল সমবেত গানের পরিবেশনা। ছবি: প্রথম আলো
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে ছিল সমবেত গানের পরিবেশনা। ছবি: প্রথম আলো

জীবনস্পর্শী প্রতিবাদী সাহিত্যধারার অন্যতম পুরোধা জহির রায়হান কথাসাহিত্য দিয়ে শুরু করে নিজের প্রতিভার স্ফুরণ ঘটিয়েছেন চলচ্চিত্রে। আর সে জন্যই তাঁর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রের মাধ্যমে তাঁকে স্মরণ করল উদীচী শিল্পীগোষ্ঠী। জহির রায়হানের চলচ্চিত্র, তাঁকে নিয়ে প্রামাণ্যচিত্র আর তাঁর চলচ্চিত্রে ব্যবহৃত গানের পরিবেশনা আর কথোপকথনে তিনি আরও একবার হাজির হলেন সবার মাঝে।
‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ স্লোগান সামনে রেখে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত দুই দিনব্যাপী ‘জহির রায়হান চলচ্চিত্র উত্সব’। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউদ্দিন আহমেদ। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির রায়হানের ছেলে অনল রায়হান এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম। সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।
উদ্বোধনী পর্বে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের নানা পর্যায় এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন অতিথিরা। ছিল জহির রায়হানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নানা আলোচনা। সংক্ষিপ্ত উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে জহির রায়হান নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন ‘দাও দাও দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও’। এ ছাড়া ভূপেন হাজারিকার ‘আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’ গানটি পরিবেশন করেন তাঁরা। ‘রাজা যায় রাজা আসে, রানিরাও আসে যায়’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়।
দুপুর ১২টা থেকে শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনী। প্রথমে দেখানো হয় একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞের ওপর জহির রায়হান নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’। এরপর উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ প্রযোজিত এবং প্রদীপ ঘোষ রচিত ও নির্দেশিত প্রামাণ্যচিত্র ‘ভাসানপানি’ প্রদর্শিত হয়। এরপর একে একে দেখানো হয় তৌকির আহমেদ নির্মিত ‘অজ্ঞাতনামা’, কামার আহমেদ সাইমন নির্মিত ‘একটি সুতার জবানবন্দি’ এবং তানভীর মোকাম্মেল নির্মিত ‘জীবনঢুলি’। আগামীকাল ১৯ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে উৎসবের দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠানমালা।
উৎসবের শুরুতেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।