
৩০ জুন বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরীর মৃত্যুর এক বছর পূর্ণ হলো। তাই বেঙ্গল শিল্পালয়ে গতকাল বিকেলে হলো তাঁর স্মরণসভা।
স্মরণসভায় দেখানো হচ্ছিল সৃজন সখা সুবীর চৌধুরী প্রামাণ্যচিত্রটি। হঠাৎ পর্দায় ভেসে উঠলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বলে উঠলেন, ‘ছবি আঁকতে কত উৎসাহ সে দিয়েছে আমাকে! কত জায়গায় সুবীর আমাকে নিয়ে গেছে। আমার বিশ্বদর্শন হয়েছে ওর কল্যাণে।’ বলতে বলতেই তাঁর চোখে পানি। দর্শকসারিতে তখন পিনপতন নীরবতা। সবার স্মৃতিতে তখন প্রয়াত এ দুই শিল্পজন।
প্রামাণ্যচিত্রে একে একে সুবীর চৌধুরীকে স্মরণ করলেন স্ত্রী রুচিতা সেন শর্মা, কন্যা দীপান্বিতা চৌধুরী, পুত্র ইমন চৌধুরী, ভাই সুকুমার চৌধুরী, শিক্ষাবিদ আনিসুজ্জামান, শিল্পী মনিরুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামসহ অনেকে।
শিল্পী কাইয়ুম চৌধুরী ও রফিকুন নবী ছিলেন সুবীর চৌধুরীর সরাসরি শিক্ষক। গতকালের স্মরণসভায় রফিকুন নবী বললেন, ‘সুবীর খুব একরোখা ছিল। যা একবার সে ভাবত, তা সে করেই দেখাত। শিল্পীদের স্বার্থ সংরক্ষণে সে সদা সচেষ্ট ছিল। এ জন্যই সে এত কাজ করতে পেরেছে।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সুবীরের সঙ্গে ছাত্রজীবনের পর আবার নিয়মিত যোগাযোগ শুরু হয়, যখন সে শিল্পকলা একাডেমীর দায়িত্ব নিল। একাডেমী ঘিরে সে শিল্পীদের সংগঠিত করেছিল। শিল্পীদের ছবি প্রদর্শন, বিক্রির যত রকম চেষ্টা করা যায়, সুবীর সেটা করত।’
মঞ্চে আরও ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি জানালেন সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি প্রবর্তনের পরিকল্পনার কথা। বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ৩৫ বছরের কম বয়সী শিল্পীরা, যাঁরা বাংলাদেশে থাকেন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে www.bengalfoundation.org ওয়েব ঠিকানায়। আগামী ২৬ ফেব্রুয়ারি বৃত্তিপ্রাপ্ত শিল্পীর শিল্পকর্ম উপস্থাপন হবে। উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি সুবীর চৌধুরীর জন্মদিন।
অনুষ্ঠানের পরের পর্বে শিল্পী গাজী আবদুল হাকিম বাঁশি বাজান। তাঁর সংগতে সুবীর চৌধুরীর প্রিয় শিল্পী ফরিদা পারভীন গেয়ে শোনান লালন সাঁইয়ের তিনটি গান—‘পাখি কখন জানি উড়ে যায়’, ‘পার করো হে দয়াল’, ‘কবে হবে সজল বরষা’।