কথা বলেছেন সুচিত্রা, তবে সংকট কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা
সুচিত্রা

কলকাতায় গতকাল বৃহস্পতিবার ছিল কনকনে ঠান্ডা। সকালে শহরের রাস্তায় মানুষের ভিড় তুলনামূলকভাবে কম দেখা গেছে। কিন্তু গোর্কি সদনের পাশের রাস্তায় মিন্টো পার্কের সামনে বেসরকারি হাসপাতাল বেলভিউর সামনের চিত্রটা আগের দিনের মতোই ছিল। সেখানে শত মানুষের ভিড়। সাধারণ মানুষ তো ছিলই, একই ভিড়ে শামিল হয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মীরাও। তবে তাঁদের নির্দিষ্ট সীমানা পর্যন্ত প্রবেশ সংরক্ষিত। হাসপাতালের ভেতর থেকে সেবিকা কিংবা চিকিৎসক কাউকে আসতে দেখলেই সবার প্রশ্ন, ‘এখন কেমন আছেন দিদি?’ কখনো উত্তর মিলছে, কখনো মিলছে না। বিভিন্ন সূত্রে জানা গেছে, আগের দুই দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সংকট পুরোপুরি কাটেনি। আপাতত বিশেষ পর্যবেক্ষণকেন্দ্রে মহানায়িকাকে রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গতকাল তিনি মুখেই চা ও পানি পান করেছেন। তবে অন্য খাবার দেওয়া হয়েছে রাইলস টিউব দিয়ে। খুব ক্ষীণস্বরে কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তবে এখনো তাঁকে পুরোপুরি সংকটমুক্ত বলতে রাজি নন চিকিৎসকেরা।
গতকাল হাসপাতালের বুলেটিনে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় নতুন করে মহানায়িকার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি। তবে রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকায় তাঁকে একটানা অক্সিজেন দিতে হচ্ছে। মহানায়িকার রক্তে অক্সিজেনের পরিমাণ এখন অনেকটা স্থিতিশীল, ৮২ থেকে ৮৮-এর মধ্যে। খুলে নেওয়া হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। তবে খোলা হয়নি রাইলস টিউব।
গত মঙ্গলবার রাতেই সুচিত্রার মেয়ে মুনমুন সেন সংবাদমাধ্যমের কাছে বলছিলেন, ‘মা ভালো আছেন।’ কিছুটা স্বস্তি ফিরলেও সুচিত্রার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক সমরজিৎ নস্কর বলেন, ‘এখনো যেহেতু অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক চলছে, তাই খুব নিশ্চিন্ত হতে পারছি না। তবে লক্ষণ ভালোর দিকেই।’ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সুচিত্রা দীর্ঘদিন বাড়িতে চেয়ার, নয়তো বিছানায় কাটিয়েছেন। এই অলস দিন যাপনই তাঁর শরীর ও মনকে আরও কাবু করে ফেলেছে। ওজনও বেড়েছে। এই চিকিৎসক মনে করেন, ৩০ বছরের বেশি সময় বাড়ির বাইরে বের হননি সুচিত্রা। এমনকি ঘরের মধ্যেও কোনো কায়িক পরিশ্রম করেননি। শুয়ে-বসে থেকেছেন বছরের পর বছর। আর তাতেই তাঁর ফুসফুস হারিয়ে ফেলেছে যাবতীয় ধকল সহ্য করার অভ্যাস। শ্বাসযন্ত্রের সেই কর্মক্ষমতা হারানোরই খেসারত এখন দিতে হচ্ছে অশীতিপর অভিনেত্রীকে।
শুধু ব্যক্তিগত চিকিৎসকই নন, এ ব্যাপারে তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন সুচিত্রার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সুব্রত মৈত্রও। তাঁর কথায়, ‘বেড থেকে চেয়ার, চেয়ার থেকে সোফা। প্রয়োজনে টয়লেট। এর বাইরে মহানায়িকার আর কোনো চলাফেরা ছিল না দীর্ঘদিন।’ দুই চিকিৎসকেরই বক্তব্য, কায়িক পরিশ্রম কিংবা পর্যাপ্ত সময় খোলা বাতাসে থাকা ফুসফুসের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।