কথা রাখতে পারলেন না বালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই পয়লা বৈশাখেই মুক্তি পাওয়ার কথা ছিল সংগীতশিল্পী বালামের চতুর্থ একক অ্যালবামের। কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে প্রধান কারণ দেখিয়ে অ্যালবাম প্রকাশের সময় পিছিয়ে দিয়েছেন বালাম। ‘ভুবন’ নামের এ অ্যালবাম প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে বেছে নিচ্ছেন জুনের শেষ দিকের সময়টাকে। অ্যালবাম প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন বালাম।বালাম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা প্রধান কারণ হলেও অ্যালবামটি তৈরির পর আরও কিছু আনুষঙ্গিক প্রস্তুতির প্রয়োজন ছিল। তাই সবমিলিয়ে শেষ পর্যন্ত পয়লা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করতে চাইনি।’ ‘ভুবন’ অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বালাম নিজেই। অ্যালবামে গান থাকছে মোট ১০টি। বেশির ভাগ গানের কথা লিখেছেন জাহিদ পিন্টু। অ্যালবামে বালাম নিজের লেখা গানও গেয়েছেন। গানগুলোর শিরোনাম ‘ও আকাশ’, ‘অচিন’, ‘জানলে না’, ‘একটু শোনো না’, ‘অনুতাপ’, ‘লুকোচুরি-২’, ‘স্বপ্ন’, ‘দিয়ো না ফিরিয়ে’, ‘ডানা মেলে’ ও ‘দিন চলে যায়’। অ্যালবাম প্রসঙ্গে বালাম আরও বলেন, ‘তিন বছরের বেশি সময় নিয়ে গানগুলো তৈরি করেছি। নিজের মনের মতো গান তৈরি করতেই এত সময় নেওয়া।’ নতুন অ্যালবামে অ্যাকুস্টিক সাউন্ডের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন বালাম। তিনি জানান, ‘আগের অ্যালবামগুলোতে পপ ধারার গানই বেশি করেছি। কিন্তু এবারে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। শ্রোতারা গানগুলো শুনলেই তা টের পাবেন।’ সবকিছু ঠিকঠাক থাকলেও, অ্যালবামটি কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বালাম। তবে অ্যালবামটি সিডি আকারে প্রকাশের আগে মুঠোফোনে প্রকাশের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি।