কথা রাখলেন ইন্দ্রনীল

কথা ছিল, ছবির শুটিংয়ে ৫ জুন ঢাকায় আসবেন কলকাতার আলোচিত অভিনয়শিল্পী ইন্দ্রনীল। কথা রেখেছেন তিনি। আজ শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন ইন্দ্রনীল। ঢাকায় ‘সম্রাট’ ছবির শুটিংয়ে অংশ নেবেন ইন্দ্রনীল।
আজ বিশ্রাম শেষে কাল শনিবার থেকে ইন্দ্রনীল ছবির শুটিংয়ে শুরু করবেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছে পরিচালক পরিচালক মুহাম্মাদ মুস্তাফা কামাল রাজ। প্রথম লটে টানা পাঁচদিন ছবির শুটিং করবেন ইন্দ্রনীল।
সম্রাট ছবিতে ইন্দ্রনীলের চরিত্রের নাম রাজা। আর শাকিব খান অভিনয় করছেন নাম ভূমিকায়। দুজনেরই বিপরীতে আছেন অপু বিশ্বাস।
সম্রাট ছবিটি প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, ‘গল্প শুনে চরিত্রটি ভালো লেগেছে। আমার সঙ্গে বাংলাদেশের দুজন জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস কাজ করবেন। আমি রোমাঞ্চিত।’
ইন্দ্রনীল এর আগে বাংলাদেশে চোরাবালি ছবিতে জয়া আহসানের বিপরীতে কাজ করেছিলেন। সম্রাট ছবির পরিচালক রাজ জানান, দেশ-বিদেশের তিন মাফিয়ার গল্প নিয়ে ছবির কাহিনি। ১ মে থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে।
সম্রাট ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। ছবিতে শাকিব, অপু, ইন্দ্রনীল ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেল প্রমুখ।
সম্রাট ছবির টাইটেল গানটি লিখেছেন জনি হক। এ ছাড়া অন্য গানের গীতিকাররা হলেন জাহিদ হাসান অভি, ঋদ্ধি ও মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। সুর ও সংগীতায়োজন করছেন কৌশিক হোসেন তাপস, আরফিন রুমি, ইমরান এবং কলকাতার ডাব্বু ঘোষ ও স্যাভি। গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, কোনাল, ইমরান, সাদাব হাশমী।