কথা রাখলেন না কিম!

ফিলিপাইনে আঘাত হানা ভয়াবহ টাইফুন হাইয়ানে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে পোশাকসহ নিজের সংগ্রহে থাকা আরও বেশ কিছু সামগ্রী নিলামে তুলেছিলেন মার্কিন মডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান। নিলাম থেকে যে আয় হবে তা টাইফুন-দুর্গতদের সাহায্যে কাজ করছে এমন প্রতিষ্ঠানকে দেওয়া হবে বলে ঘোষণাও দিয়েছিলেন কিম। কিন্তু ইবে আয়োজিত নিলাম থেকে আয়ের মাত্র ১০ শতাংশ দান করেছেন তিনি। বাকি ৯০ শতাংশই নিজের কাছে রেখে দিয়েছেন কিম। এমন লোকদেখানো দানে তাঁকে ধিক্কার জানিয়েছেন তাঁর ভক্তরা।
নিলামের আগে এর প্রচারণার জন্য কিম বেছে নিয়েছিলেন সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে। এক টুইটার বার্তায় তিনি জানিয়েছিলেন, নিলাম থেকে যে আয় হবে তা সরাসরি টাইফুন-দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মধ্য দিয়ে তাঁদের জীবন বাঁচানো হবে। জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
কিম তাঁর নিজস্ব ওয়েবসাইটে এই নিলাম সম্পর্কে লিখেছিলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিলাম। এই নিলাম থেকে আয়ের একটি অংশ ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনকে দেওয়া হবে। অলাভজনক এ প্রতিষ্ঠানটি ফিলিপাইনের দুর্গম কয়েকটি দ্বীপে স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত রয়েছে। টাইফুন-দুর্গত মানুষের চিকিত্সাসেবা নিশ্চিত করার পাশাপাশি সুপেয় পানি, খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের কাজও করছে ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশন।’
কিম আরও লিখেছিলেন, ‘এই নিলামে অংশ নেওয়ার মধ্য দিয়ে অসহায় কিছু মানুষের জীবন বাঁচানোর মতো মহত্ কাজে আপনাদের অংশগ্রহণ কামনা করছি। দুর্গত মানুষগুলোর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সব সময় প্রার্থনা করছি আমি।’
কিমের এমন মহত্ উদ্যোগে তাঁর অনেক ভক্তই সাড়া দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ইবে জানিয়েছে, নিলাম থেকে মোট আয়ের ৯০ শতাংশই নিজের কাছে রেখে দিয়েছেন কিম। এটা জানার পর তাঁর প্রতি ঘৃণা প্রকাশ করেছেন ভক্তরা।