বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান বিপাশার অতিথি। আজকের অতিথি মুনমুন আহমেদ। এবার তিনি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলায়। কথা হলো মুনমুন আহমেদের সঙ্গে। ‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে কী নিয়ে কথা বলেছেন?কত্থক নাচ নিয়ে। আমি কত্থক নাচ চর্চা করছি ১৯৭৮ সাল থেকে। এরপর একটি নাচের স্কুল খুলেছিলাম, রেওয়াজ পারফর্মার্স স্কুল। নাচের ওপর পড়াশোনা করতে ১৯৮৭ সালে চলে যাই ভারতে। ফিরে এসে শেখানোর কাজটা পুরোদমে শুরু করি। এখনো চলছে। এখন আমরা ক্লাস করাচ্ছি ধানমন্ডি ৬ নম্বর সড়কে। সামনে উত্তরাতেও শুরু করব। ‘ঘেটুপুত্র কমলা’ ছবির সঙ্গে যুক্ত হলেন কীভাবে?চিত্রনাট্য লেখা শেষ হওয়ার পর হুমায়ূন আহমেদ স্যার আমাদের কয়েকজনকে নিয়ে বসলেন তাঁর বাসায়। তখনো কিন্তু ঘেটুপুত্র কমলার জন্য কাউকে চূড়ান্ত করা হয়নি। তার আগেই আমরা কয়েকবার বসেছি। প্রথম দিনই স্যার আমাকে জমিদারের স্ত্রীর চরিত্রটি করার জন্য বললেন। ছবির শুটিং হয়েছে হাওরাঞ্চলে। তার ওপর ছিল বন্যা। কাজ করতে কেমন লেগেছে?যাওয়ার আগে স্যার নিজেই বলেছিলেন, ‘সবার একটু কষ্ট হবে। ছবির স্বার্থে তা মেনে নিতে হবে।’ কিন্তু ওখানে গিয়ে দেখি, চমৎকার সব আয়োজন। কোথাও এতটুকু ফাঁক নেই। আর কাজের ফাঁকে চমৎকার আড্ডা হতো। ছবিতে আপনার প্রথম শট কোনটি ছিল?আউটডোরে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার হাওরাঞ্চলে হরিপুর জমিদার বাড়িতে। আমি বাড়ির ছাদের ওপর থেকে নিচের দিকে তাকিয়ে আছি। স্যার বললেন, ‘তুমি শুধু নিচে তাকিয়ে থাক।’ ইনডোরের কাজ করেছি নুহাশপল্লীতে।কাজ শেষ হওয়ার পর হুমায়ূন আহমেদ আপনাকে কিছু বলেছিলেন?আমি কিন্তু অভিনেত্রী নই। ডাবিং শেষ হওয়ার পর তিনি আমাকে বললেন, ‘তোমার অভিনয় তুমি খুব ভালো করেছ।’ কয়েকবার বললেন। কথাটা এখনো আমার কানে বাজছে।