ঘেটুপুত্র কমলা হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র। আজ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এই ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’র সঙ্গে কীভাবে যুক্ত হলেন?হুমায়ূন আহমেদের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় গত শতকের আশির দশকে। তিনি তখন যুক্তরাষ্ট্র থেকে মাত্র দেশে ফিরেছেন। এরপর বছর দেড়েকের মধ্যে তাঁর তিনটি নাটকে আমি অভিনয় করি—দিনের শেষে, এসো নীপবনে ও পুরোনো গল্প। এরপর অনেক বছর তাঁর সঙ্গে আর কাজ করা হয়নি। হঠাত্ কয়েক বছর আগে তিনি আমাকে ঘেটুপুত্র কমলাতে অভিনয় করার জন্য আমন্ত্রণ জানালেন। ‘ঘেটুপুত্র কমলা’তে কাজ করে কেমন লেগেছে?চমত্কার একটি পরিবেশে আমরা কাজ করেছি। হুমায়ূন আহমেদ অনেক দিন থেকেই একটি বাড়ি খুঁজছিলেন, বাড়িটির সামনে পানি থাকতে হবে। একসময় পেয়ে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হরিপুর জমিদারবাড়ি। ২০১০ সালে প্রথমবার কাজ করলাম অক্টোবরে, তখন ছিল বর্ষা। এরপর গেলাম ডিসেম্বরে, শীতের সময়। কিছু কাজ হয়েছে নুহাশপল্লীতে। হুমায়ূন আহমেদ তো খুব বেশি কিছু বলতেন না। কাজ ভালো লাগলে বলতেন, ‘ভালো হয়েছে।’ এই কথাটি আমাকে অনেক শুনতে হয়েছে। কথাটি আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ছবির বিষয়টি আপনার কাছে কেমন মনে হয়েছে?বিষয়টি নিয়ে হুমায়ূন আহমেদ নিজেও শঙ্কিত ছিলেন। ঘেটুগান, ঘেটুপুত্র—কে, কীভাবে নেয়। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হয়েছিল স্টার সিনেপ্লেক্সে। সেখানে অনেকেই এসেছিলেন। তাঁরা ভূয়সী প্রশংসা করেছেন। তবে হুমায়ূন আহমেদ নিজে বাচ্চাদের ছবিটি না দেখার জন্য বলেছেন।‘ঘেটুপুত্র কমলা’তে একজন চিত্রশিল্পী আপনার একটি ছবি এঁকেছেন।ওটা এখনো নুহাশপল্লীতে আছে। ভালো হয়েছে। হুমায়ূন আহমেদ বলেছিলেন, ছবির কাজ শেষ হলে ওটা আপনার।