কথাবন্ধুদের কৈফিয়ত
এখন এফএম রেডিও সব ধরনের শ্রোতার কাছে বেশ জনপ্রিয়। প্রশ্ন উঠেছে, যাঁরা শ্রোতাদের প্রতিদিন কথা শোনাচ্ছেন, তাঁদের কথাবার্তায় বাংলা ও ইংরেজির মিশেল কেন? কেন কথার মধ্যে হুটহাট ঢুকে যাচ্ছে হিন্দি? রেডিও ফুর্তির সায়েম, এবিসির রাব্বি, রেডিও টুডের ভ্রাম্যমাণ প্রতিনিধি (আউটডোর ব্রডকাস্টার) জয় এবং এফএম রেডিওর উষ্ণ কেদারায় মাঝেমধ্যে পাওয়া টিভির পরিচিত মুখ শারমিন লাকি—এ চার কথাবন্ধুর আড্ডায় রাখা হয়েছিল এ কৈফিয়ত।পার্থ সরকারসাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবার কাছেই কমবেশি জনপ্রিয় আমাদের এফএম রেডিওগুলো। কিন্তু ভবিষ্যত্ প্রজন্ম রেডিওর মাধ্যমে কোন ভাষা শিখছে? বাংলাকে ইংরেজি আর ইংরেজিকে বাংলার মতো করে বলার চেষ্টায় রত যেন বেশির ভাগ কথাবন্ধু। বাংলার ভেতরেই অবাধে ঢুকে পড়ছে শুদ্ধ-অশুদ্ধ ইংরেজি, এমনকি হিন্দি পর্যন্ত। কী মনে করছেন আমাদের এ চার কথাবন্ধু?সায়েম: বাংলাদেশের এফএমের শুরু থেকেই আমি আছি। প্রথমে এর শ্রোতা ধরা হয়েছিল মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এ কারণেই শুরুতে আমাদের কথায় প্রচুর ইংরেজি থাকত, তবে এখন সেটা অনেক কমেছে। আমি মনে করি, যাঁরা শুদ্ধ বাংলা বলেন, তাঁরাই এখন বেশি জনপ্রিয়।শারমিন লাকি: ‘সো’, ‘ওয়েল’, ‘এনিওয়ে’ ইত্যাদি কিছু ইংরেজি শব্দ কথাবন্ধুরা অহরহ ব্যবহার করে। কিন্তু এগুলো শুনতে যে কী বাজে লাগে!আনন্দ: কিন্তু সম্প্রতি এবিসিতে প্রচারিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আপনার কথায় প্রচুর ইংরেজি শব্দের ব্যবহার ছিল। সেটা কেন?শারমিন লাকি: আমরা চেয়ারকে তো আর কেদারা বলি না। আমার মুখ দিয়ে এসব আঁতলামি শব্দ কখনোই বের হবে না। আমাদের ভেতরে যেসব ইংরেজি শব্দ ঢুকে গেছে, সেগুলো বাদ দিয়ে কথা বলতে পারব না। তবে কেউ যদি শতভাগ বাংলা বলতে পারে, তবে আমি বলব, সেটা তার যোগ্যতা।জয়: রেডিও তো চলমান জীবনের একটা অংশ। আর সব অনুষ্ঠানই থাকে সরাসরি। বাংলা ভাষা যেমন অনেক সমৃদ্ধ, তেমনি বাংলায় প্রচুর বিদেশি শব্দও আছে, তাই ইংরেজি শব্দ আসতেই পারে। তবে সেটা যেন সহনীয় পর্যায়ে হয়।রাব্বি: একদম বইয়ের ভাষায় কোনো এফএম রেডিও চালানো সম্ভব নয়, সেটা আমিও মানি। পাড়ায় বন্ধুদের আড্ডায় তাদের সঙ্গে মিশে যেতে আমিও ইংরেজি ব্যবহার করি। কিন্তু যখনই ব্যাপারটা গণমাধ্যমে হবে, তখনই একটা দায়বদ্ধতার ব্যাপার চলে আসে। তরুণ প্রজন্ম নিয়মিত আমাদের কথা শুনে শুদ্ধভাবে বাংলা বলা ভুলে যাচ্ছে। আমাদের এবিসি নিয়েও অনেক অভিযোগ যে আমাদের কথাবন্ধুরা বেশ কঠিন করে বাংলা বলে। তারা হয়তো বাংলাকে ঠিকমতো ধারণ করতে পারেনি।সায়েম: আমি ফুর্তিতে গিয়েই বলেছি যে আমি কোনো অনুষ্ঠানেই ইংরেজি বা অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারব না। কিন্তু এবিসির হিন্দি গানের অনুষ্ঠানে তো প্রচুর হিন্দি শব্দ বলা হয়।রাব্বি: হয়তো হিন্দি গানের অনুষ্ঠান বলেই সেটা করে। তবে আমি মনে করি, শ্রোতারা যেহেতু বাঙালি, তাই পুরোটা বাংলায় করলেই বেশি ভালো।জয়: কথাবন্ধুরা তরুণদের কাছে আইডল। তাদের সবাই অনুসরণ করবে, তাই কথা বলার সময় সব দিক চিন্তা করেই বলা উচিত।সায়েম: তবে এফএম রেডিওতে এখন আগের চেয়ে ইংরেজি শব্দের ব্যবহার অনেক কমেছে। কয়েকজন কথাবন্ধুর জন্য সবাইকে দোষ দেওয়া ঠিক হবে না। জয়: আরজের সঠিক বাংলা না হলেও, ‘কথাবন্ধু’ কথাটা বেশ ভালো ভাবানুবাদ। আমার অনেক পছন্দ। এবিসিকে এ জন্য অনেক ধন্যবাদ।রাব্বি: আমাদের পরীক্ষামূলক সম্প্রচারের সময় দিনাত জাহান ‘কথার বন্ধু’ নামের একটি শো করান শৈলীকে দিয়ে। এরপর কর্তৃপক্ষের নানা জনের মতামত অনুযায়ী আরজে শব্দটির বিকল্প হিসেবে কথাবন্ধু শব্দটিই চালু করা হয়।শারমিন লাকি: কথাবন্ধুদের তো সবকিছু করার অনুমতি থাকে না। কর্তৃপক্ষের উচিত এদিকটায় সতর্ক হওয়া।রাব্বি: এ ক্ষেত্রে আমি খুব সৌভাগ্যবান। আমার কর্তৃপক্ষ শুদ্ধ বাংলায় কথা বলতে উত্সাহিত করে।শারমিন লাকি: আমাদের এফএম রেডিওর বয়স তো মাত্র সাড়ে তিন বছর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস।সায়েম: আগে কোথাও গেলেই প্রচুর সমস্যা হতো। অভিযোগ—কথাবন্ধুরা ভাষা নষ্ট করে দিচ্ছে। এখন সে হার অনেক কমেছে। মানে, আমরা ধীরে ধীরে উন্নতি করছি।রাব্বি: এক দিনে তো সব হয়ে যাবে না। ধীরে ধীরে বাংলা চর্চা বাড়াতে হবে।জয়: কথাবন্ধুরা স্টুডিও থেকে বের হয়েও যেন শুদ্ধ বাংলা চর্চা করে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের মূল ভিত্তিটাই হলো আমাদের ভাষা। তার মর্যাদা এতটুকু ক্ষুণ্ন্ন করা যাবে না।