কথাবন্ধুর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে ঢাকা শহরটা যখন সুনসান, একদল পোকা তখন জেগে ওঠে। আর তাদের রেডিও এবিসিতে সঞ্চালকের ভূমিকাটা পালন করেন আরজে রাব্বি। ভোরের আলো দেখেই ঘুমাতে যান তিনি। সে সময় শুরু হয়ে গেছে আরজে আফরিনের কর্মব্যস্ত দিন। আড়মোড়া ভাঙা ঢাকাবাসীকে রেডিও টুডেতে জানাচ্ছেন ভাবনাহীন ও রঙিন দিনের শুভেচ্ছা।দুই ‘টাইমজোনের’ দুই কথাবন্ধু এক হয়েছিলেন আনন্দের আড্ডায়। এর আগে দেখা হয়নি তাঁদের। কিন্তু বন্ধুত্ব হয়ে যেতে মোটেও দেরি হলো না। চা তো ছিলই, তাই আড্ডায় মাততে আর বাধা কি!দুজনের শ্রোতা ও অনুষ্ঠানের ধরন একদমই ভিন্ন—রাতের পোকা আর সকালবেলার পাখি। তবে এফএম রেডিওর মূল শ্রোতাদের চেয়ে তাঁদের শ্রোতারা একটু ভিন্ন বলেই মনে করেন রাব্বি ও আফরিন।রাব্বির মতে, ‘রাতে এফএম রেডিও শুনলে মনে হয়, বাহ্, কী প্রেমময় জীবন! ও আমাকে কেন পাত্তা দিচ্ছে না, ও আমাকে কেন ছেড়ে গেল, ওকে পেতে হলে কী করব—কত সমস্যা তাঁদের! আমি চেয়েছি, আমার শ্রোতারা তাঁদের চেয়ে একটু ভিন্ন হোক। এসবের বাইরে আরও নানা বিষয়ে কথা হোক আমার অনুষ্ঠানে। সমমনা একদল মানুষ জড়ো হোক এখানে, নিজেদের কথা বলুক। তবে এখানে যে প্রেম থাকবে না, তাও না। কিন্তু তা হবে একটু অন্য রকম।’‘আমার শ্রোতাদের মধ্যে করপোরেট জগতের মানুষই বেশি। সকালবেলায় উঠে, তৈরি হতে হতে, গাড়িতে অফিসে যেতে যেতে হয়তো শোনেন আমাকে। একটু সিরিয়াস ধরনের চিন্তাভাবনা তাঁদের। সমকালীন নানা বিষয় নিয়ে ভাবেন তাঁরা। এই মানুষদের সঙ্গে মিশে যেতে আমার ভালোই লাগে।’ বলেন আফরিন।রেডিওর কাজের বাইরে আফরিনের আরও একটা পরিচয় আছে—তিনি একজন আইনজীবী। আরও একটা দক্ষতা আছে তাঁর, চীনা ভাষাটাও ভালো জানেন।রেডিওর ভেতরে রাব্বি আরজে ও প্রযোজক। বাইরে তাঁর কাজের তালিকাটা অনেক লম্বা। একসময় ছবি আঁকতেন। এখন ক্যামেরায় ছবি তোলেন। রীতিমতো এসএলআর ক্যামেরা কাঁধে নিয়ে ছুটে বেড়ান ছবির বিষয় খুঁজতে। ‘পোর্ট্রেট তুলতেই বেশি ভালো লাগে। মানুুষেরা আমাকে টানে। মানুষের চোখের ভাঁজ, দাড়ির ভেতর লুকিয়ে থাকা ময়লা কথা বলে। কখনো কখনো এমন চেহারা পাওয়া যায়, যাতে কত অনুভূতি! সে রকম একটা মুখের সন্ধানে ঘুরি।’ বলেন রাব্বি।আড্ডায় ছেদ পড়ে। আলোকচিত্রী জানান, আলো ফুরিয়ে আসছে। এখনই ছবি তুলতে হবে। কারওয়ান বাজারে রাব্বির বাইকের সামনে দাঁড়িয়ে যান দুজনে। আশপাশে তখন জমে গেছে ভিড়। ‘আমি তো এই দোকানে রোজই চা-খাই, আমাকে এভাবে দেখার কী আছে!’ অবাক রাব্বি। ‘টিকিট লাগবে...’ দর্শকদের উদ্দেশে বলছেন আফরিন।কোনোমতে ভিড় ঠেলে আবার অফিসে পৌঁছানো গেল। এই দর্শকেরা হয়তো রোজই রেডিওতে শোনেন তাঁদের। হয়তো জানেন না এঁরাই আরজে আফরিন ও রাব্বি। আরজেদের নিয়ে শ্রোতাদের এই মাতামাতি, বিষয়টা কীভাবে দেখেন তাঁরা? ‘সবাই ভাবে, আরজে মানেই বড় তারকা। কিন্তু একজন আরজে হয়ে ওঠার পেছনে যে কতখানি পরিশ্রম, তা বোধহয় কেউ ভেবে দেখেন না। প্রতিটি শব্দ আমাদের ভেবে বলতে হয়। এটা কিন্তু অনেক বড় দায়িত্ব।’ বলেন আফরিন। এফএম রেডিওর প্রসঙ্গে বারবার চলে একটা বিষয়—বাংলা ভাষা, উচ্চারণ। আফরিনের কথায়, ‘আমরা তো সব সময়ই চেষ্টা করি ভালো করতে। কিন্তু একজনের সামান্য ত্রুটি হলেই কিন্তু দায়টা চলে আসে সব আরজের প্রতি। এই যে আমি ও রাব্বি এতক্ষণ কথা বললাম, আমরা কি কোনো জগাখিচুড়ি ভাষা ব্যবহার করেছি? আসলে এফএম রেডিও, আরজে এসব ধারণা আমাদের দেশে এখনো নতুন। এটা মেনে নিতেও তাই মানুষের একটু সময় লাগবে।’রাব্বির ধারণাটা একটু ভিন্ন। এফএম রেডিও নিয়ে কোনো সমালোচনা হলে তার দায় শ্রোতাদেরও কিছুটা নিতে হবে বলে মনে করেন তিনি। ‘একজন আরজের ভালো বা খারাপ হয়ে ওঠার পেছনে কিন্তু আছেন শ্রোতারা। তাঁরা যেকোনো বিষয়ে আপত্তি জানাতে পারেন, ভালো করার পরামর্শ দিতে পারেন। তাঁরা প্রশ্রয় দেন বলেই কিন্তু আরজে অনেক রকম কথা বলেও পার পেয়ে যান। এ কারণে আমার যতটা ভালোবাসা শ্রোতাদের প্রতি, ঠিক ততটাই অভিমানও আছে। তাঁদেরই কিন্তু বেছে নিতে হবে ভালো কোনটা।’ তবে সবকিছুর পরও বাংলা গানের প্রসারে এফএম রেডিওর বড় অবদান আছে বলে মনে করেন দুজনই। শ্রোতাদের পছন্দের গানগুলো সারাক্ষণই বাজছে রেডিওতে। আরজেদের পছন্দ কি? রাব্বির পছন্দের শিল্পীর তালিকাটা বেশ লম্বা—মহীনের ঘোড়াগুলি, পিংক ফ্লয়েডের দারুণ ভক্ত তিনি। বাংলাদেশের শিল্পীদের মধ্যে রেনেসাঁ, শাহেদ, ওয়ারফেইজ, আর্টসেল, অর্ণব, শিরোনামহীনের নাম বললেন। আফরিনের আবার নির্দিষ্ট কোনো শিল্পী নয়, বরং ভালো লেগে যায় বিশেষ কোনো গান। এ মুহূর্তে যেমন খুব পছন্দ কিশোরের ‘যাচ্ছ দূরে’ গানটি। আর ওয়ারফেইজের সব গানই ভালো লাগে তাঁর।গত ঈদে অফিস করেছেন দুজনই। অবশ্য কোনো মন খারাপ করে নয়, বরং বেশ ভালোই লাগে নাকি! এবারও ঈদের দিন অফিস থাকবে। তবে আফরিন ছুটি নেবেন ঈদের পর। ‘সুযোগ পেলে ছুটি নিয়ে ঘুরে আসব বান্দরবান।’ জানালেন তিনি। আর রাব্বি, ‘সারা বছর ফাঁক পেলেই নানা জায়গায় ঘুরি। ঈদে অবশ্য ঢাকায় থাকতেই বেশি ভালো লাগে। এবারও ফাঁকা ঢাকায় বাইক নিয়ে ছুটে বেড়াব সারা দিন।’কথার ফাঁকে আফরিন জানিয়ে দিলেন ভক্তদের দারুণ গুরুত্বপূর্ণ একটা খবর। ফুল, কার্ড, শুভেচ্ছা পেতে ভালোই লাগে। গত ঈদে নাকি পেয়েছিলেন ডিজিটাল সালামি! ‘ঈদের দিন মজা করেই অন এয়ারে বলেছিলাম, ডিজিটাল বাংলাদেশে কেউ যদি ডিজিটাল সালামি দেন, তাহলে ভালোই হয়। সঙ্গে সঙ্গে দেখি, আমার মোবাইলে অপরিচিত নম্বর থেকে চলে এল ৫০০ টাকা!’এবারও এমন হলে দারুণ হয়, তাই না?