কথা-গান-নাচে প্রকৃতিবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃতি মেলার উদ্বোধনীতে সমবেত নৃত্য পরিবেশনা
প্রকৃতি মেলার উদ্বোধনীতে সমবেত নৃত্য পরিবেশনা

মানুষের সচেতনতার অভাবে বিপন্ন হয়ে উঠেছে প্রকৃতি। আর এই প্রকৃতি বাঁচাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর প্রকৃতি মেলার আয়োজন করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার শীত সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী প্রকৃতি মেলা।

সবুজে মোড়ানো প্রকৃতির মঞ্চে সাতটি টিয়া পাখি ও সাদা বক মুক্ত করার মধ্য দিয়ে সপ্তমবারের মতো ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’র উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং প্রধান বন সংরক্ষক ইউনুস আলী। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য আবদুর রশীদ মজুমদার, মুকিত মজুমদার, জহির উদ্দিন মাহমুদ, প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, পাখিবিশারদ ইনাম আল হক প্রমুখ। এবারের মেলার প্রতিপাদ্য ‘বায়ুদূষণ’। উদ্বোধনী পর্ব শেষে চেতনা চত্বরে হরীতকীর চারা রোপণ করেন অতিথিরা।

টিয়া পাখি ও সাদা বক মুক্ত করার মধ্য দিয়ে প্রকৃতি মেলার উদ্বোধন করেন অতিথিরা
টিয়া পাখি ও সাদা বক মুক্ত করার মধ্য দিয়ে প্রকৃতি মেলার উদ্বোধন করেন অতিথিরা

প্রকৃতি নিয়ে গান পরিবেশন করেন ইন্দ্র মোহন রাজবংশী, তপন চৌধুরী, এসআই টুটুলসহ দেশসেরা বেশ কয়েকজন শিল্পী। ছিল ক্ষুদে গানরাজ ও সেরা কণ্ঠের শিল্পীদের পরিবেশানও। চেতনা চত্বরে বসে ছোট্ট সোনামণিরা রংতুলির মাধ্যমে পরিবেশকে তুলে ধরে। রংতুলি আঁচড়ে প্রকৃতি তুলে ধরেন চিত্রশিল্পী আবদুল মান্নান, মনিরুজ্জামান, রেজাউন নবী, মোহাম্মদ জহির উদ্দিন ও কামাল উদ্দিন। ছিল প্রাণপ্রকৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, মূকাভিনয়, গম্ভীরা, পটের গান, সামুদ্রিক মাছের স্টল, পাখিবিষয়ক গ্রন্থের স্টল, জীবন্ত প্রজাপতি ঘরসহ আরও অনেক কিছু। গাছের চারা নিয়ে বসেছিল বেশ কয়েকটি নার্সারি। ফলদ, বনজ ও ঔষধি গাছে মেলাপ্রাঙ্গণ হয়ে ওঠে সবুজে মোড়ানো একখণ্ড সাজানো বাগান। অপু মাহফুজ ও মৌসুমি বড়ুয়ার উপস্থাপনায় চ্যানেল আইয়ের চত্বর থেকে একটানা পাঁচ ঘণ্টা সরাসরি সম্প্রচার চ্যানেল আই।