কথোপকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক: আচ্ছা আপনারা এ রকম নাটক বানান কেন?খ: কেমন নাটক?ক: এই মানে—মনে হয় যেন নাটক না।খ: তাহলে? ডকুমেন্টারি?ক: সেটা হলে তো ভালোই ছিল।খ: কী বলতে চাচ্ছেন সোজাসুজি বলুন না। নাটকের তো সংজ্ঞা আছেই।ক: সোজাসুজি বলব কী করে। নাটকের সংজ্ঞার ভেতর তো এসব পড়ে না।খ: কী বলছেন ভাই। বাংলাদেশের নাটকের মান এখন কত উন্নত, একবার দেখুন। আগের চেয়ে আমরা কারিগরি দিক থেকে কত উন্নত। আমাদের কত নতুন নতুন আইডিয়া নাটকে। কত ভালো ভালো মেকার। যারা জানে নাটকের আসল ভাষা, যারা জানে নাটককে কী করে সত্যিকার অর্থে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তেমনি নাট্যকারদের কথাও বলছিলাম, এমন চমৎকার নতুন ভাবনা তারা ছুড়ে দিচ্ছে দর্শকদের জন্য, দর্শকেরা নাটকগুলো দেখে মানুষ হিসেবে অন্য একটি স্তরে পৌঁছে যাচ্ছে। রাতে তাদের ঘুমোতে দেরি হয়। মনে হয়, জীবনটাকে তাহলে এভাবেও দেখা যায়। অথবা আমিও তো চেষ্টা করলেই অমুক চরিত্রটির মতো কোনো মহৎ কিছু করে আরও একটু উন্নত মানুষ হতে পারি অথবা আমার চারপাশটাকে আরেকটু পরিবর্তন করে দিতে পারি অথবা... জাতি বা দেশকে...ক: থামুন। কী সব আবোলতাবোল কথা বলে যাচ্ছেন।খ: আবোলতাবোল হবে কেন?ক: হবে কেন, মানে? এ ধরনের নাটক তো আমি একটাও দেখিনি।খ: ভাই, আপনার সঙ্গে কথা বলা অর্থহীন। কারণ আপনি ব্যস্ত মানুষ। আপনি টিভিই দেখেন না। অথবা দেখলেও অন্য দেশের অন্য সংস্কৃতির নাটক, মানে বিদেশি চ্যানেল।ক: হা হা হা। ভালোই বলেছেন। অন্য দেশের অন্য সংস্কৃতি দেখার জন্য তো এখন আর বিদেশি চ্যানেল দেখতে হয় না। আপনারাই তো এখন নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে অন্যদিকে ঝুঁকেছেন। উদাহরণ দেব নাকি কয়েকটা নাটকের।খ: খবরদার আমাদের নাটক-সংস্কৃতি নিয়ে একটা বাজে কথা বললে, খুব খারাপ হয়ে যাবে। নাটক আমরা ভালোবাসি। আমাদের নিজেদের সত্তা, সম্মান, আবেগ, আনন্দ-বেদনা—সবই নাটকের সঙ্গে জড়িত।ক: কিন্তু বোকার মতো এসব করে আপনাদের লাভ কী?খ: সবকিছু লাভ-ক্ষতির বিচারে হয় না।ক: কদিন পরে তো পথে বসবেন, লাভ-ক্ষতির বিচার না করলে।খ: মানে?ক: ওই যে বলছিলেন—নাট্যকারদের নতুন ভাবনা—ভালো মেকার, দর্শকদের জীবনের উত্তরণ, জাতির উন্নয়ন—এসব নিয়ে কটা নাটক হয়?খ: অবশ্যই হয়। আমি নাম বলে যাই।ক: বলে লাভ কি? অন্যান্য ম্যাগাজিন নাটকের ভিড়ে আপনার ওই সব ক্লাসিক নাটক হারিয়ে যায়। কেউ তার খোঁজ রাখে না। রাখা সম্ভবও নয়।খ: ম্যাগাজিন নাটক আবার কী?ক: ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে যেমন ছোট কৌতুক ভরা নাট্যাংশ থাকে, এখন তো বেশির ভাগই নাটকের নামে সেগুলো। তো এসবকে ম্যাগাজিন নাটক বললেও বেশি সম্মান দেওয়া হয়। আর সেগুলো বানালেই লাভ। শিল্প বানালে ক্ষতি। চ্যানেলগুলোও তো ছুটছে সেগুলোর পেছনে। খ: ও—উম্—ইয়ে—ক: কী? আমতা আমতা করছেন কেন?খ: সবই দেখি আপনি জানেন। আপনিই বলুন আমরা এখন কী করব?ক: আরে আপনি কেঁদে ফেললেন নাকি?খ: কাঁদব না? একেকটি নাটক আমাদের কাছে একেকটি সন্তানের মতো। তাকে তো যেমন-তেমন করে মানুষের সামনে উপস্থাপন করতে পারি না। একটি নাটক তৈরির আগে বহুদিন, কখনো মাস, কখনো কয়েক বছর ধরেও ভাবি। তারপর লেখা হয়। তখন আমাদের অসাধারণ প্রতিভাবান শিল্পীদের নিয়ে, নিবেদিতপ্রাণ কর্মীদল নিয়ে ছুটে যাই অনেক খোঁজাখুঁজি করে বের করা জুতসই লোকেশনে। আমাদের অসাধারণ মেধাসম্পন্ন নির্দেশকেরা কী যে অক্লান্ত পরিশ্রম করে পর্দায় শিল্প তৈরি করেন ভাবতেও পারবেন না। কোনো কিছুতেই কেউ কোথাও ছাড় দেন না।সেই নাটকগুলো যেন কোহিনূর হিরার চেয়েও দামি। ক: হা হা হা। হায়রে—এত কিছু করে লাভ কী? এসব কে দেখবে?খ: কে দেখবে মানে? আপনারা দেখবেন।ক: কী করে দেখব? কেউ কি দেখতে দেয়?খ: কেউ বাধা দিলে চিৎকার করবেন।ক: চিৎকার করে লাভ কী? তলোয়ার হাতে গ্রিক বীর আলেকজান্ডার বসে থাকলেও, আপনার শিল্পপর্যায়ের নাটক দেখতে পাবে না। বিজ্ঞাপনের শক্তি আলেকজান্ডারের তলোয়ারের চেয়েও তীক্ষ, ধারালো। আপনার পর্দার শিল্প সে কেটে কুঁচি কুঁচি করে দেয়। তখন নাটকগুলোর প্রাণ চিৎকার করে কাঁদে আর নাটকের গা থেকে মানুষের মতোই রক্ত ঝরতে থাকে।খ: ঠিকই বলেছেন। ঈদের প্রচারিত নাটকগুলো যখন প্রচারিত হচ্ছিল, নাটকের রক্তে আমাদের চারদিক ভেসে গিয়েছিল। খুব অবাক লাগে, মানুষ এমন নির্মম হয় কী করে?ক: আরে ভাই, যেখানে পুত্র পিতাকে, ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে কেটে ফেলছে; সেখানে বিজ্ঞাপন নাটক কাটবে; এ আর কি অস্বাভাবিক ঘটনা।খ: কিন্তু আমরা যারা শিল্প সৃষ্টি করি, আমাদের কষ্ট হয় না? আমরা তো রাতের পর রাত কষ্টে ঘুমোতে পারি না। ক: নাটকের কষ্টে, না অর্থকষ্টে?খ: কোনোটাকেই তো অস্বীকার করা যায় না। আমার নাটকগুলোর তিন ভাগের দুই ভাগ হয়তো চ্যানেলগুলো দিয়ে দেয়। কিন্তু বাকি টাকাটা, ইয়ে মানে কানে কানে বলি, কাউকে বলবেন না তো?ক: কী, চুরি করেন?খ: আরে নারে ভাই, সংসার খরচ থেকে টাকা সরাই।ক: বউ কিছু বলে না?খ: কী করে বলবে? সে তো আমার কষ্ট বোঝে!ক: কিন্তু এত কিছু করে যে নাটক বানান, আপনার সেই নাটকে মাঝে মাঝে অদ্ভুত সব মানুষজন অভিনয় করার চেষ্ট করেন। কেন? তাঁদের কেন অভিনয় করতে হবে? এ দেশে শিল্প তৈরির জন্য শিল্পীর তো অভাব নেই।খ: না মানে, যাঁরা টাকা দেন নাটক বানানোর জন্য, তাঁদের ইচ্ছাও তো মানতে হয়। সবাই তো সব শিল্পীকে চান না। মানে সেলেব্ল... ক: এটা কেমন কথা? চরিত্র যে শিল্পীকে ডিমান্ড করবে তাকে সে চরিত্রে নেওয়া যাবে না?ধরুন, ভ্যান গঘ ছবি আঁকছেন। তাঁকে যদি বলা হতো ‘সানফ্লাওয়ার’ চিত্রটিতে হলুদের বদলে লাল রং ব্যবহার করতে—তাহলে?খ: অ্যাবসার্ড।ক: অবশ্যই অ্যাবসার্ড এবং এখনকার নাটকে এসব অ্যাবসার্ডের ছড়াছড়ি।খ: (দীর্ঘশ্বাস)ক: আপনার হাতে ওটা কী?খ: এটা স্ক্রিপ্ট, নতুন নাটকের।ক: পড়ে দেখি তো।খ: দেখুন।ক: (পড়ে) অসাধারণ অসাধারণ অসাধারণ। নিশ্চয় সব চ্যানেল কাড়াকাড়ি করছে নাটকটির জন্য?খ: জি না। নাটকটি কেউ চালাতে চায় না।ক: কী আশ্চর্য! কেন?খ: কারণ, এখানে দুটো মাত্র চরিত্র এবং লোকেশনও দুটো। এত কম ভ্যারিয়েশনের নাটক। খরচও নাকি আমার নেই তেমন। যে টাকা দিতে চাচ্ছে তাতে তো আমার প্রোডাকশন খরচই হবে না। পোস্ট প্রোডাকশন তো দূরের কথা। ক: শিল্পের মূল হলো ভাবনায় ও উপস্থাপনে। কটা চরিত্র বা লোকেশন—সেটা তো অতি তুচ্ছ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্রমালা দেখেছেন না?খ: দেখব না মানে—পৃথিবীতে এমন চিত্র আর কোথায় আছে?ক: সেগুলো কিন্তু অনেক ভারী ভারী রঙে আঁকা নয়। শুধু তুলি ও কালিতে আঁকা।খ: তাই তো।ক: আসলে শিল্প হয়ে ওঠাটাই আসল।খ: নিশ্চয়ই একদিন এ দেশের টিভি নাটকের ক্ষেত্রেও এভাবে সবাই ভাববে।ক: জানেন তো, যে দেশে শিল্পীদের শ্রদ্ধা করা হয় না, সে দেশে কখনো শিল্প তৈরি হয় না।খ: এভাবে বলবেন না। এ দেশের অনেক মানুষ শিল্পীদের শ্রদ্ধা করে। নইলে তারা এত দিন কোথায় ভেসে যেত!ক: ভেসে কিন্তু যাচ্ছেও।খ: থাক না। কিছু ভালো কথা বলুন। আমার তাড়া আছে।ক: কেন?খ: বাসায় চার দিন ধরে বাজার নেই। শুধু ডাল-ভাত খাই। বাচ্চাটা খুব মন খারাপ করছে।ক: কেন? যে সিরিয়ালটা করলেন দুই বছর আগে সেটার টাকা বুঝি ব্যাংকে আছে?খ: জি না। এখনো হাতে পাইনি। পেয়ে যাব। ক: বলেন কি? মৃত্যুর আগে পাবেন তো? হা হা হা—খ: আপনি খুব বাজে লোক। আমি যাই। আপনার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। যা মুখে আসে তা-ই বলে যাচ্ছেন—ক: আপনাদের নাটকেও তো সেভাবেই কথা বলে—যা মনে আসে মুখে আসে। পুরোনো নাটক দেখিয়ে বাচ্চাদের বলতাম বাংলা ভাষা শেখো। এখন বলি, এসব নাটক দেখো না, মুখের ভাষা নষ্ট হয়ে যাবে। শুনেছি, নাট্যকার-স্ক্রিপ্ট, কখনো কখনো পরিচালককেও নাকি প্রয়োজন হয় না—অভিনেতা-অভিনেত্রীও নাকি রাস্তা থেকে ধরে এনে...খ: আর একটা কথা বললে আপনার মুখে ঘুষি দিয়ে ফাটিয়ে দেব।ক: একজনের মুখ না হয় ফাটিয়ে দিয়ে বন্ধ করলেন, কোটি কোটি মানুষের মুখ বন্ধ করবেন কী করে?