কথোপকথনে কনসার্ট এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইমাত্র দ্বৈত নৃত্য শেষ করে হাঁফিয়ে উঠেছেন দুই তারকা শখ ও ইমন। বৃষ্টিস্নাত পিচ্ছিল মঞ্চে আরেকটু হলে পড়েই যাচ্ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। নেচে দর্শক মাতিয়ে দুজনেই বসলেন মঞ্চের পেছনের দিকের চেয়ারে। বসতে বসতে ইমন বললেন, ‘আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। জুতা স্লিপ করছিল।’কথা টেনে নিয়ে শখ বললেন, ‘আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম।’ তার পরও দুই নায়ক-নায়িকার মুখে তৃপ্তির হাসি। উপস্থাপক আব্দুন নূর তুষার বলে উঠলেন, ‘আরে, তোমরা একটু নড়াচড়া করলেই মানুষ খুশি হয়।’বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টটি সারাক্ষণই ছিল বৃষ্টিবিঘ্নিত। কখনো ধীর লয়ে কখনো বা তুমুল বেগে ঝরেছে বৃষ্টিধারা। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই বালাম দাঁড়িয়ে ছিলেন দ্বিতল মঞ্চের মাঝামাঝি সিঁড়িতে। আয়োজকদের অনেকে তাঁকে মঞ্চের পেছনের দিকের চেয়ারে বসার অনুরোধ করেছিলেন বারবার। কিন্তু মাইকে নিজের ডাক না পড়ার আগ পর্যন্ত তিনি বসেননি।বালাম তখন মঞ্চ দাঁপিয়ে বেড়াচ্ছেন। এমন সময় নিচে দেখা গেল দর্শক সব মঞ্চের উল্টোদিকে দৌড় শুরু করেছে। ফয়’স লেক ওয়াটার পার্কের পানিতে বসে যারা অনুষ্ঠান উপভোগ করছিল তাদের অনেকেও পেছনের দিকের জটলা লক্ষ করে দৌড়। মঞ্চ থেকে প্রথমে মনে হলো কোনো গন্ডগোল। তৎপর দেখা গেল সবাইকে। কারণ পুলিশ বাঁশি বাজিয়ে ও লাঠির ভয় দেখিয়ে জটলার লোকজনকে দূরে সরিয়ে দিতে চাইছে। পরে বোঝা গেল, ওই জটলার মধ্যে তারকারা—মৌসুমী, পূর্ণিমা, মাহফুজ, মোশাররফ করিম। তাই বালামের গানের মধ্যেই অন্য তারকার ছোঁয়া পাওয়ার শখ জেগেছে দর্শকের। নিজের গান শেষ করে নেমে যাওয়ার সময় বালামকে উদ্দেশ করে আরেফিন রুমী বলে উঠলেন, ‘বালাম ভাই, চমৎকার পারফরম্যান্স হয়েছে।’ অনুষ্ঠানের প্রথম শিল্পীই ছিলেন রুমী। মঞ্চে উঠেই মাহফুজকে একটি আঞ্চলিক গান করার অনুরোধ করলেন পূর্ণিমা। মাহফুজের এক কথা, ‘খোদার কসম, আমি গান পারি না।’ পরমুহূর্তেই আবার তিনি শুরু করলেন ‘সিনার মধ্যে বাঁধি রাইখ্যুম তোঁয়ারে।’ তখন দর্শকের আনন্দ দেখে কে! তবে চমক ছিল এর পর।উপস্থাপক তুষার এবার দুই নায়ক-নায়িকাকে অনুরোধ করলেন অভিনয় করতে। তা-ও মাহফুজ নায়িকার ভূমিকায় আর পূর্ণিমা নায়কের। প্রস্তাব শুনে দর্শকের মধ্যে হাসির ফোয়ারা। অনুরোধ ফেললেন না তাঁরা। দর্শকের উচ্ছ্বাস দ্বিগুণ হলো। তবে মোশাররফ করিমের দায়িত্ব পড়ল ভিলেনের ভূমিকায় অভিনয় করার। সঙ্গে চিত্রনায়িকা মৌসুমী। তার আগে মোশারফ করিমকে ডাকার সময় তুষার দর্শকের উদ্দেশে জানিয়ে দিলেন একটি খবর। ‘মোশাররফ করিমের বাড়িতে দুই দিন আগে চোর ঢুকেছে। তিনি কত বড় তারকা, তার বাড়িতে চোর ঢুকেছে, সেটা সংবাদ হয়ে গেছে।’মোশারফ করিম একটু লজ্জা বোধ করেছেন কি না, সেটা বোঝা গেল না। তবে মুখের দুষ্টু হাসিটা লেগেই ছিল। যা হোক, এবার অভিনয়ের পালা। মোশাররফ মৌসুমীকে উদ্দেশ করে বললেন, ‘ওই দেখো চাঁদ।’ মৌসুমী বললেন ‘কোথায় চাঁদ?’ এভাবে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে করতে একপর্যায়ে মোশাররফ করিম নিজের টিশার্ট খোলার ভান করলেন। তখন মৌসুমী এক দৌড়ে মঞ্চ ত্যাগ করলেন। অগত্যা কী আর করা। মোশাররফ গান ধরলেন, ‘যা দেখি তার সবই ভালো...শেষ বিকেলের নদী ভালো, তাঁতের শাড়ি ভালো...।’এভাবে একসময় শেষ হলো চট্টগ্রামে মাদকবিরোধী কনসার্ট।