কনক চাঁপার আবার এসেছি ফিরে
কাল বৃহস্পতিবার বাজারে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপার একক গানের অ্যালবাম ‘আবার এসেছি ফিরে’। ‘আমার হূদয় একটা আয়না’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’—চলচ্চিত্রে এমন অসংখ্য জনপ্রিয় গান রয়েছে শিল্পী কনক চাঁপার। দেশীয় চলচ্চিত্রে বিভিন্ন সময়ে গাওয়া জনপ্রিয় গানই থাকছে এ অ্যালবামে। তবে অ্যালবামে স্থান পাওয়া এ গানগুলো একেবারে নতুন করে গেয়েছেন তিনি। অ্যালবামে মোট গান রাখা হয়েছে ১২টি।অ্যালবামটি বাজারে এনেছে অনুপম রেকর্ডিং মিডিয়া।‘আবার এসেছি ফিরে’ সম্পর্কে শিল্পী কনক চাঁপা বলেন, ‘এটি আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। কারণ এ অ্যালবামে যেসব গান রয়েছে, সেগুলো এত দিন সবাই বিচ্ছিন্নভাবে শুনে আসছিল। বাংলা ছবির বিভিন্ন অডিও অ্যালবামে ছিল গানগুলো। এ অ্যালবামের মাধ্যমে জনপ্রিয় এসব গান সবাই এখন একবারেই শুনতে পাবে।’কনক চাঁপা আরও বলেন, চলচ্চিত্রে এই ১২টি গান ছাড়া আরও অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর। যদি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে সে ধরনের সহযোগিতা পান, তাহলে এ ধরনের আরও অ্যালবাম করার চিন্তা-ভাবনা রয়েছে তাঁর।