কনকচাঁপার দাবি, তিনি কখনো আওয়ামী লীগে যোগ দেননি

: কনকচাঁপা, আপনি বিএনপিতে যোগ দিয়েছেন?
: হ্যাঁ, গত বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার উপস্থিতিতে আমি বিএনপিতে যোগ দিয়েছি।
: শোনা যাচ্ছে, আপনি নাকি এর আগে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন?
: এটা সম্পূর্ণ মিথ্যা। বছর দুয়েক আগে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছিলাম। কিন্তু মনোনয়ন পাইনি। সে ব্যাপারে মন খারাপ করিনি। আর আমি কখনোই আওয়ামী লীগে যোগ দিইনি। আওয়ামী লীগে আমার কোনো সদস্যপদও নেই। এবারই প্রথম আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিলেন সংগীতশিল্পী কনকচাঁপা—এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে গতকাল শনিবার দুপুরে কথা হয় কনকচাঁপার সঙ্গে। তিনি জানান, বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে প্রায় আধা ঘণ্টা একান্তে আলোচনা করেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কনকচাঁপা বলেন, ‘বিষয়টি নিয়ে এখন আমি কিছুই ভাবছি না। মাত্র তো দলে যোগ দিয়েছি। আমার অনেক শেখার বাকি আছে। আমি কাজ করে যাব। আমার নিজের কিছু পরিকল্পনা আছে। খালেদা জিয়ার কাছ থেকেও কিছু নির্দেশনা পেয়েছি। আর দল যখন আমাকে যোগ্য মনে করবে, তখন অবশ্যই নির্বাচনে অংশ নেব।’