কনকচাঁপার 'এখানেই জীবন'

পাহাড় ও বনভূমি ডুবিয়ে যখন কর্ণফুলী লেক যৌবনের প্রাচুর্যে বেগবান, তখন অনেক মানুষের চোখের জল, মনোবেদনা কি সে শুনেছিল? শিল্পী কনকচাঁপা চাকমা কান পেতে শুনতে চান ভূমিহারা মানুষের কান্না। নিজের বর্ণিল ক্যানভাসে তিনি সেই ছবি আঁকেন, যে জীবন তিনি হারিয়েছেন, যে জীবন ফিরে পেতে চান। তাঁর কল্পরাজ্যের ছবি নিয়ে গতকাল শনিবার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয় একক চিত্রকলা প্রদর্শনী ‘এখানেই জীবন’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদাশিমা, ডেনমার্কের রাষ্ট্রদূত হানা ফিউগল এস্কেয়ার, শিল্পী হাশেম খান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের প্রমুখ। প্রদর্শনীতে রয়েছে শিল্পীর আঁকা ৮০টি চিত্রকর্ম। প্রদর্শনী আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা সবার জন্য খোলা থাকবে।