কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনের ভেতরে ঢুকতেই চোখে পড়ল স্কুলপড়ুয়া একঝাঁক শিক্ষার্থী। সহপাঠীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত তারা। কোন তথ্য দিয়ে প্রতিপক্ষকে কাবু করতে হবে—আলোচনার বিষয়বস্তু সেটাই। গতকাল বৃহস্পতিবার কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরুর আগের দৃশ্য এটি।গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমীতে প্রথম আলোর আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন হয়। চট্টগ্রামের ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের- ব্যবস্থাপক (ফিন্যান্স) জহির উদ্দিন।উদ্বোধনী বক্তব্যে আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন বলেন, ‘বিতর্কের লক্ষ্য সত্য অনুসন্ধান করা। যুক্তি-পাল্টাযুক্তি দিয়ে সেই সত্যকে উপলব্ধি করা যায়। আর মানুষের শ্রেষ্ঠ গুণাবলি প্রকাশ পায় বিতর্কের মাধ্যমে। বিতর্ক অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। শুধু মুখের দ্বার নয়, মননের দ্বার খুলে দেয়।’আবুল মোমেন বলেন, ‘আমাদের দেশে সাধারণত বিতর্কের বিষয় ও স্ক্রিপ্ট তৈরি করে দেন শিক্ষকেরা। শিক্ষার্থীরা তা মুখস্থ করে যন্ত্রের মতো দ্রুতগতিতে আওড়ে তর্কবিতর্কে লিপ্ত হয়। এতে নষ্ট হচ্ছে সৃজনশীলতা। এ যেন অনেকটা বড়দের সাজানো বিতর্কে ছোটদের অভিনয়। এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।’ বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘একদিকে বাংলাদেশের তরুণেরা এভারেস্ট জয় করছে, কৃত্রিম কিডনি উদ্ভাবন করছে, পৃথিবীর সব সেরা স্থাপত্য নির্মাণ করছে, অন্যদিকে কিছু দুর্নীতিগ্রস্ত ও অসৎ লোকের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’ জহির উদ্দিন তাঁর বক্তব্যে প্রথম আলোর সঙ্গে ভবিষ্যতে এমন সামাজিক, শিক্ষাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অতিথিদের বক্তব্যের পর শিল্পকলা একাডেমীর চারটি কেন্দ্রে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। ১৬টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে আটটি বিদ্যালয় কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হয়। বিদ্যালয়গুলো হলো: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, সিলভার বেলস গার্লস হাইস্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়।আজ শুক্রবার শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারির নিচতলায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হবে। কাল শনিবার একাডেমী মিলনায়তনে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী প্রতিযোগিতা হবে। এ ছাড়া সেদিন থাকছে বারোয়ারি বিতর্ক। অনুষ্ঠানে বিচারক ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুনাজ্জিনা সুলতানা, দীপান্বিতা ভট্টাচার্য, আদনান মান্নান, নাসরিন আক্তার, মোমিনুর রহমান প্রমুখ।