কনসার্টে কাঁদলেন সেলেনা

সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত একটি কনসার্টে ‘লাভ উইল রিমেমবার’ গান গাওয়ার সময় অশ্রু ঝরিয়ে খবরের শিরোনাম হলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে সেলেনা গোমেজ অ্যান্ড সিন ব্যান্ডের তিনটি অ্যালবাম প্রকাশিত হলেও, সেলেনার প্রথম একক অ্যালবাম ‘স্টারস ড্যান্স’ মুক্তি পায় এ বছরের ২৩ জুলাই।
‘স্টারস ড্যান্স’ অ্যালবামের প্রচারণার জন্য ১৪ আগস্ট থেকে স্টারস ড্যান্স ট্যুর শুরু করেন সেলেনা। এই ট্যুরের অংশ হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বেশ কয়েকটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত কনসার্টে গান গাইতে মঞ্চে ওঠেন সেলেনা। সেখানে ‘লাভ উইল রিমেমবার’ গানটি গাওয়ার সময় নিজের আবেগকে ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ২১ বছর বয়সী এ তারকা। জানিয়েছে এইচশোবিজ।
আবেগঘন মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন সেলেনার এক ভক্ত। পরে সেই ভিডিও ফুটেজ তিনি আপলোড করেন ফটো ও ভিডিও-শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রাম-এ। সেখানে দেখা গেছে, কাঁদতে কাঁদতে সেলেনা বলছেন, সবার জীবনেই দুঃসময় আসে। তখন বিক্ষুব্ধ মন বলে ওঠে—অনেক হয়েছে, আর না। কঠিন বাস্তবতা থেকে মুক্তি পেতে আবার শৈশবের সুন্দর দিনগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছে জাগে মনে।