কনসার্টে ফিরছে এলআরবি
তিন মাস পর আবারও কনসার্টে ফিরছে ব্যান্ড এলআরবি। ব্যান্ডের অন্যতম সদস্য আইয়ুব বাচ্চুর শারীরিক অসুস্থতার কারণে তিন মাস সব ধরনের কনসার্ট থেকে দূরে ছিল ব্যান্ডটি। সুস্থ হয়ে মার্চের প্রথম সপ্তাহ থেকে মহড়া শুরু করেছে এলআরবি। মহড়ার পর এবার মঞ্চেও ফিরছেন আইয়ুব বাচ্চু। তা-ও আবার কলকাতায় কনসার্টের মধ্য দিয়ে। কাল ১৪ মার্চ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গান করবেন তাঁরা। এ কারণে আজ বুধবার সন্ধ্যায় ফ্লাইটে উঠবেন এলআরবির সদস্যরা।গতকাল মঙ্গলবার দুপুরে আইয়ুব বাচ্চু বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুষ্ঠানে গান করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছে। এর আগেও সেখানে বেশ কয়েকবার গান করেছি। সেখানকার দর্শকেরা খুবই চমৎকার। আগের প্রতিটি কনসার্ট আমরা দারুণ উপভোগ করেছি।’জানা গেছে, যাদবপুুর বিশ্ববিদ্যালয়ের কনসার্টটি ছাড়াও কলকাতায় আইয়ুব বাচ্চু একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন। আইয়ুব বাচ্চু বলেন, ‘আমি কোমল পানীয় টাইগারের শুভেচ্ছাদূত। এর আগে পণ্যটির তিনটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। শুভেচ্ছাদূতের নিয়মিত কাজ হিসেবে এবার নতুন আরেকটি বিজ্ঞাপনচিত্রের কাজ করতে যাচ্ছি।’ কনসার্ট ও বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে ১৭ মার্চ ঢাকায় ফিরবেন আইয়ুব বাচ্চু ও এলআরবি।