কনা ও বাপ্পার গানে মডেল নোবেল
সিম্পলি কনা অ্যালবামের একটি গান ‘পাহারা’। গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার ও কনা। আর গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নোবেল ও কনা। নোবেল কি আর কোনো মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন? নোবেল বললেন, ‘না না, আর কোনো মিউজিক ভিডিওতে কাজ করা হয়নি। কনা খুব করে অনুরোধ করল, গানটির জন্য নাকি আমাকেই ওর দরকার। আর গানটিও ভালো হয়েছে। রাজি হয়ে গেলাম।’ কনা জানালেন, এর আগে তিনি ‘জ্যামিতিক ভালোবাসা’, ‘বরষা’ আর ‘ধিন তা না’ গান তিনটির মিউজিক ভিডিও তৈরি করেছিলেন। এবার সিম্পলি কনার সব কটি গানেরই মিউজিক ভিডিও তৈরি করছেন। আর তাঁর এই মিউজিক ভিডিও অ্যালবামটি বাজারে আসবে ঈদের পরই। তিনি বললেন, ‘গান এখন শুধু শোনার ব্যাপার নয়, দেখারও। তাই এবার পুরো অ্যালবামের মিউজিক ভিডিও করার উদ্যোগ নিয়েছি।’অ্যালবামের ছয়টি গানের মিউজিক ভিডিও পরিচালনা করছেন শুভব্রত সরকার, একটি গাজী শুভ্র। তিনটি গানের কাজ হয়েছে শ্রীলঙ্কায়।