কনার এক কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনা l ছবি: খালেদ সরকার
কনা l ছবি: খালেদ সরকার

বসার ঘরে একটি ছোট্ট মঞ্চ। সেখানে এক জোড়া তবলা, হারমোনিয়াম, এক পাশে রয়েছে সেতার। হ্যাঁ, সংগীতশিল্পীর বাড়িই বটে! আমরা বসে আছি মালিবাগ চৌধুরীপাড়ায় সংগীতশিল্পী কনার বসার ঘরে। বাইরে নিস্তরঙ্গ দুপুর। নীরব পরিবেশ। ‘চারদিক কেমন সুনসান দেখেছেন। আমাদের বাসার চারপাশটা খুব নীরব।’—আলাপের শুরুতে কনার মুখে ছিল এই কথাগুলো। এরপর নীরবতা ভেঙে চলতে থাকে টুকরো টুকরো কথা।
কনা এখন কী নিয়ে ব্যস্ত?
‘গান, বিজ্ঞাপনের ভয়েসওভার—এই তো।’
পাঠক, এখানে জানিয়ে রাখি, গানের পাশাপাশি জনপ্রিয় এ সংগীতশিল্পী বিজ্ঞাপনেও কণ্ঠ দেন। কনার ভাষায়, ‘এখন যত বিজ্ঞাপন প্রচারিত হয়, তার শতকরা ৮৫ ভাগ বিজ্ঞাপনে আমার কণ্ঠ।’
গান আর বিজ্ঞাপনের ভয়েসওভারের কথা তো জানা গেল। কিন্তু আপনি যে অভিনয় করছেন, সে প্রসঙ্গে বললেন না?
কনা বললেন, ‘না। আমি অভিনয় করছি না। আলভি আহমেদ পরিচালিত ইউ টার্ন চলচ্চিত্রে আমার একটি গানের দৃশ্য আছে। মিউজিক ভিডিওতে আমি যেভাবে গান গাই, এখানেও একইভাবে গান করেছি। আলাদাভাবে অভিনয় করিনি। আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই।’
আলাপ-সালাপের এ পর্যায়ে গানের প্রসঙ্গ যেহেতু চলে এলই, তো এ শিল্পীর গানের সাম্প্রতিক খবরাখবরও কিছু জানা যাক। কনা এখন ব্যস্ত আছেন তাঁর নতুন একক অ্যালবামের কাজে। ‘বাপ্পা মজুমদারের সুরে আমার নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। একটি গান কম্পোজও করা হয়েছে।’
নতুন অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। তবে কনা বললেন, ‘আগের মতো এই অ্যালবাম থেকেও এক-দুটি গানের মিউজিক ভিডিও হতে পারে।’
গানের প্রসঙ্গ এক পাশে রেখে এবার বরং চোখ ফেরানো যাক এ শিল্পীর ব্যক্তিগত ভুবনে। কনার ব্যক্তিগত পৃথিবী খুবই ছোট। সেখানে আছে কেবল তাঁর পরিবার ও পরিবারের মানুষজন। আছে সারাফ আর সাভানা নামে দুই শিশু। ভাই ও বোনের এ দুই বাচ্চাকে নিয়ে দিব্যি কেটে যায় তাঁর সময়। বাসায় থাকলে পরিবারকে সময় দেওয়া, রান্নাবান্নার পাশাপাশি আরও দুটি কাজ খুব আগ্রহ নিয়েই করেন কনা—টিভি দেখা এবং ফেসবুকিং। ‘রাত ১১টা থেকে একটা পর্যন্ত আমার সময়। এ সময় আমি টিভি দেখি আর ফেসবুকে বসি। আমার এক স্কুলবন্ধু ইজা। ও কানাডাতে থাকে। তবে দূরত্ব কোনো বিষয় নয়, ফেসবুকের মাধ্যমে আমরা পরস্পরের সব খবর পাই। এ ছাড়া ফেসবুকে আমার ফ্যান পেজটিও আমি মেইনটেইন করি। ফ্যান পেজে এখন পর্যন্ত আমার ভক্তের সংখ্যা এক লাখ ৬০ হাজার।’
ফেসবুকের বিষয়টি খোলাসা হলো। তবে তাঁর টেলিভিশনপ্রীতির কারণ কী, টিভিতে কী দেখেন তিনি?
‘নাটক। নাটক আমার খুব প্রিয়।’
নিজের সম্পর্কে বলে চলেছেন অনর্গল। এবার দম নিলেন খানিকটা। এক ফাঁকে আমরা জিজ্ঞেস করলাম, বিয়ের সানাই কবে বাজছে আপনার?
‘জানি না। এ ব্যাপারটি পরিবারের ওপরই ছেড়ে দিয়েছি।’—কনার স্পষ্ট জবাব।
আলাপে আলাপে দুপুর বিকেলে গড়াচ্ছে। কনা বলছেন নিজের কথা। যেমন সকালবেলা ঘুম ভেঙে তিনি ডুবে যান লতা মঙ্গেশকর বা মান্না দের গানের জগতে, আজকাল গাড়িতে চলতে চলতেই গলা সাধা এবং গান শোনা—এই দুই কাজই সেরে ফেলেন তিনি... ইত্যাদি ইত্যাদি। কনার এসব টুকরো কথায় ‘সেলিব্রিটি’ দিলশাত কনার পাশাপাশি আমাদের সামনে মূর্ত হচ্ছেন অন্য এক মেয়ে। সে মেয়েটি পরিবারের সবার খুব আদরের।