কপিরাইট আইন সংশোধনে কর্মশালা
প্রচলিত কপিরাইট আইন সংশোধন ও কার্যকর এবং কপিরাইট বোর্ডকে আরও সক্রিয় করার দাবি জানিয়েছেন শিল্পীরা। কপিরাইট আইন সংশোধনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে আয়োজিত এক কর্মশালায় শিল্পীরা এ দাবি জানান। বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের সহযোগিতায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কপিরাইট অফিস, বাংলাদেশ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।কর্মশালার শুরুতে কপিরাইট আইনে অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সংগঠনের প্রতিনিধিদের প্রস্তাব তুলে ধরেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার ও সঞ্চালক মঞ্জুরুর রহমান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কবি নুরুল হুদা, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী এ বি এম হামিদুল মিজবাহ, সংগীতশিল্পী হামিন আহমেদ প্রমুখ।কর্মশালায় বক্তারা বলেন, কপিরাইট বোর্ডে বিভিন্ন অভিযোগ বছরের পর বছর পড়ে থাকে। এ জন্য প্রয়োজনীয় নিয়মনীতি সংশোধন করতে হবে। কপিরাইট বোর্ডে কোনো আইনবিদ নেই। এই বোর্ডে অন্তত একজন আইনবিদ রাখা প্রয়োজন। এ ছাড়া অনলাইনে কপিরাইট নিবন্ধনের সুযোগ দিতে হবে।