কপিরাইট আইনকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনার দাবি
চলচ্চিত্রের ভিডিও পাইরেসি বন্ধের জন্য কপিরাইট আইনকে ভ্রাম্যমাণ আদালতের আওয়তায় আনার দাবি জানিয়েছেন প্রযোজকেরা। পাশাপাশি সম্প্রতি পাইরেসির সঙ্গে জড়িত খুলনার পোস্টার মিলন নামে র্যাব যাঁকে আটক করেছে, তাঁর উপযুক্ত শাস্তি দাবি করেছেন তাঁরা।মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রযোজকেরা এ দাবি জানান।ভিডিও পাইরেসি উপকমিটির আহ্বায়ক টিওটি ফিল্মসের কর্ণধার খোরশেদ আলম ও সদস্যসচিব শামসুল আলম জানান, এরই মধ্যে ১০ জন প্রযোজক মিলনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া পাইরেসি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের জন্য একটি খসড়া প্রস্তাব তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এসব দাবি বাস্তবায়নের জন্য আজ বৃহস্পতিবার এফডিসির সামনে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা এক মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ হোসেন, ইলিয়াস কাঞ্চন, মেহেদী হাসান, জাহিদ হোসেন, আরিফ আল আশ্রাফ প্রমুখ।