কপিরাইট প্রক্রিয়া আবার চালু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ছবির অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের প্রযোজকেরা। যেকোনো বিদেশি ভাষার ছবির গল্প অবলম্বনে দেশে চলচ্চিত্র নির্মাণ করে তা সেন্সর বোর্ডে জমা দিতে পারবেন নির্মাতারা। সঙ্গে দিতে হবে বিদেশি চলচ্চিত্রের প্রযোজকের অনুমোদনপত্র। অর্থাৎ কপিরাইট এনে এখন নির্মাতারা ছবি বানাতে পারবেন। আর এ সুযোগ করে দিয়েছে তথ্য মন্ত্রণালয় ও চলচ্চিত্র সেন্সর বোর্ড। কয়েক বছর ধরে প্রেম মানে না বাধা ছবিটি নকলের অভিযোগে সেন্সর বোর্ডে পড়ে ছিল। এটি নাকি ভারতীয় ছবির গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এ কারণে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দেয়নি। এখন প্রযোজক ভারতের ওই ছবির প্রযোজকের কাছ থেকে অনুমোদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এখন ছবিটির ছাড়পত্র দেওয়া হচ্ছে।এবার ঈদে মুক্তি পাচ্ছে নিঃশ্বাস আমার তুমি। ছবিটি ভারতের কলকাতার আই লাভ ইউ ছবির গল্প অবলম্বনে নির্মাণ করা হয়। ভারতের মূল ছবির প্রযোজকের কাছ থেকে অনুমোদনপত্র এনে জমা দেওয়ার পর ছাড়পত্র পেয়েছে নিঃশ্বাস আমার তুমি। নব্বইয়ের দশকে কেয়ামত থেকে কেয়ামত ছবি নির্মাণের পর বিদেশি ভাষার ছবির গল্প অবলম্বনে দেশে ছবি তৈরির অনুমোদন নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালাচনার মুখে তৎকালীন সরকার কপিরাইট এনে ছবি নির্মাণের প্রক্রিয়া বন্ধ ঘোষণা করে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন বেশির ভাগ ছবিই তৈরি হয় বিদেশি ভাষার ছবির গল্প অবলম্বনে। আমরা সবগুলোর প্রমাণ পাই না। কিন্তু কোনোটি আটকে যাচ্ছে, কারণ কেউ না কেউ সেন্সর বোর্ডে মূল ছবির ভিসিডি পাঠিয়ে দেয়। এ জন্য কপিরাইট এনে ছবি নির্মাণের প্রক্রিয়াকে আমরা সমর্থন করছি।’সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার বলেন, ‘সেন্সর বোর্ডে নকলের অভিযোগে অনেক ছবিই আটকে আছে। এখন যদি কেউ কপিরাইট এনে জমা দেয়, তবে সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে।’