কফিনের ভেতর তিন ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৃত্যুর এ দৃশটির জন্য নতুন একটি কফিন সংগ্রহ করা হয়েছিল। প্রথমে কফিনের আয়োজন দেখে খুব একটা কিছু মনে হয়নি। ছাদের ওপরে কফিনের দৃশ্যটার আয়োজন করা হয়েছিল। এরপর আমাকে কফিনে শোয়ানো হয়। একটা সময় কফিনের দরজা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করার পর সাধারণভাবে অক্সিজেন প্রবাহ কমে গিয়েছিল এবং পুরোটা গুমোট অন্ধকার। আর যখনই কফিনের দৃশ্যটা ধারণ করা হচ্ছিল তখন বৃষ্টি শুরু হয়। সবকিছু মিলে একটা ভীতিকর পরিবেশ তৈরি হয় সেখানে। আমার ভয় লাগার শুরুটা হয় তখনই। তিন ঘণ্টা সময় নিয়ে এ দৃশ্যটা ধারণ করা হয়। কফিনের ভেতর থেকে বের হওয়ার পর আমি অনেকক্ষণ স্তব্ধ ছিলাম। আমি আসলে ওই ঘোর থেকে বের হতে পারিনি।’ কফিনের ভেতরে শোয়ার ভীতিকর অভিজ্ঞতার কথা এভাবেই বর্ণনা করলেন তারিন। সম্প্রতি শায়লা নামের একটি নাটকে এ রকমই একটি দৃশ্যে অভিনয় করতে হলো তারিনকে।একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে শায়লা নাটকটি রচনা করেছেন দেওয়ান শামসুর রকিব এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। তারিন আরও বলেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তাঁর পরিচালনা আমার বেশ ভালো লাগে। পুরো নাটকের ধারণাকে সেলিম ভাই খুব ভালোভাবেই ধারণ করেন। এই প্রথম কোনো কফিনে শুয়ে আমাকে অভিনয় করতে হলো। এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা।’পরিচালক শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমি আসলে অবাকই হয়েছি। তারিনকে দৃশ্যটার জন্য পাক্কা তিন ঘণ্টা একটা কফিনের মধ্যে থাকতে হয়েছে। দৃশ্যটার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তার পরও সে কিছুই বলেনি। আমি অসম্ভব মুগ্ধ হয়েছি তারিনের অভিনয়ে। দৃশ্যটা ধারণের পর আমার কাছে মনে হয়েছে এটি তারিন বিধায় হয়তো আমি করতে পেরেছি।’