কফিনের ভেতর তিন ঘণ্টা
‘প্রথমে কফিনটা দেখে খুব একটা কিছু মনে হয়নি। কফিনে আমাকে শোয়ানো হয়। কফিনের দরজা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করার পর সাধারণভাবে অক্সিজেনপ্রবাহ কমে গিয়েছিল এবং পুরোটা গুমোট অন্ধকার। আর যখন কফিনের দৃশ্যটা ধারণ করা হচ্ছিল, তখন বৃষ্টি শুরু হয়। সবকিছু মিলে একটা ভীতিকর পরিবেশ তৈরি হয় সেখানে। আমার ভয় লাগার শুরুটা হয় তখনই। তিন ঘণ্টা সময় নিয়ে এ দৃশ্যটা ধারণ করা হয়। কফিনের ভেতর থেকে বের হওয়ার পর আমি অনেকক্ষণ স্তব্ধ ছিলাম। আমি আসলে ওই ঘোর থেকে বের হতে পারিনি।’ কফিনের ভেতরে শোয়ার ভীতিকর অভিজ্ঞতার কথা এভাবেই বর্ণনা করলেন তারিন। সম্প্রতি শায়লা নামের একটি নাটকে এ রকমই একটি দৃশ্যে অভিনয় করতে হলো তারিনকে।একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে শায়লা নাটকটি রচনা করেছেন দেওয়ান শামসুর রকিব। পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। তারিন আরও বলেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তাঁর পরিচালনা আমার বেশ ভালো লাগে। পুরো নাটকের ধারণাকে সেলিম ভাই খুব ভালোভাবেই ধারণ করেন। এই প্রথম কোনো কফিনে শুয়ে আমাকে অভিনয় করতে হলো। এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা।’