কবর নাটকের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সুদূর ১৯৭২ সালে কবর নাটকে অভিনয় করেছিলেন এই শিল্পীরা। তাঁদের কাছ থেকেই শোনা হলো সেই সময়ের অনুভূতির কথা সুভাষ দত্ত আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সূত্রপাত বায়ান্নর ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের কালে বন্দিদশায় মুনীর চৌধুরী যে কবর নাটকটি লিখে গেছেন, তা মঞ্চায়ন না করলে নাটকটির অনুভূতি কেমন হতো, তা বলতে পারছি না। কবর নাটকের মধ্য দিয়ে আমাদের ভেতরে একধরনের দায়বদ্ধতার তাড়নাও কাজ করেছিল তখন। রক্তে বিপ্লবের উন্মাদনা কাজ করেছিল। সামনে অনেক দর্শক, মঞ্চে আমরা অভিনয় করছি—দর্শকের মধ্যে যখন নাটকের সংলাপগুলো ক্রিয়া করছিল, সে ছিল অন্য রকম অনুভূতি। মুনীর চৌধুরীর কবর আমাদের ভাষা আন্দোলনের ওপর লেখা অমর সৃষ্টি। আরণ্যক এ রকম একটি নাটক মঞ্চায়ন করার মধ্য দিয়ে দলের জন্য একটি মাইলফলক রচনা করেছিল ১৯৭২ সালে। আজ তার ৪০ বছর পূর্ণ হয়েছে। আরণ্যকের এই যৌবন ধেয়ে যাক আরও শত-সহস্র ৪০-এর দিকে। শুভেচ্ছা আরণ্যকের জন্য। আলী যাকেরস্বাধীনতার পর অনেক দিন ধরেই মামুনুর রশীদ একটি নাটক করার কথা ভাবছিলেন। আমরা আলাপ আলোচনা করি এবং একসময় মামুনুর রশীদ সিদ্ধান্ত নেন, মুনীর চৌধুরীর কবর নাটকটি করবেন। তারপর সবাই মিলে নাটকের পাণ্ডুলিপি পাঠ শুরু করলাম। সবাই বলতে সুভাষ দত্ত অর্থাৎ আমাদের সুভাষদা, ইনামুল হক, মুজিব বিন হক, নাজমুল হোসাইনের কথা বলছি। আমি তখন রাজারবাগে একটি ফ্ল্যাটে থাকতাম। সেখানেই শুরু হয় কবর নাটকের মহড়া। প্রথমে আমার শোবার ঘরে, পরে বসার ঘরে চলে নাটকের মহড়া। ভাষা আন্দোলন নিয়ে লেখা মুনীর চৌধুরীর কবর নাটক নিঃসন্দেহে একটি কালজয়ী নাটক। এ নাটকের মধ্য দিয়ে আপামর জনতাকে তার অমোঘ স্বাধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা যায়। তাইকবর নাটকে অভিনয় করার অনুভূতি ভাষাহীন। এ জন্য মামুনুর রশীদকে ধন্যবাদ জানাই যে কবর নাটকটিতে আমাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। সেই সময়ের অনেক কথা, অনেক স্মৃতি এখনো পিছু টানে। দেখতে দেখতে আরণ্যক ৪০ বছরের সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। অভিনন্দন ও ভালোবাসা আরণ্যকের জন্য। ইনামুল হকআমি তখন বুয়েটে। বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকি। মামুন (মামুনুর রশীদ) বয়সে কিছুটা ছোট হলেও তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। কবর নাটকে অভিনয় করতে গিয়ে মামুুনের সঙ্গে আমার বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে গেল। পাশাপাশি আলী যাকের, সুভাষ দত্তসহ আরও অনেকের সঙ্গে পরিচয় এবং বন্ধুত্ব গড়ে উঠল। কবর নাটকে আমি ছায়ামূর্তি চরিত্রে অভিনয় করেছিলাম। দেশের মাটিতে অভিনয় করব এবং তা ভাষা আন্দোলনের সময়ে লেখা নাটক—সব মিলিয়ে একধরনের উন্মাদনা কাজ করেছিল। সবাই এক হয়ে গেলাম এবং নাটকটি মঞ্চায়ন করলাম। তারপর সময়ের পালাবদলে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ছিটকে পড়েছি। প্রতিষ্ঠা নিয়েছি নিজ নিজ জায়গায়। তবে কবর নাটকের সেই সময়ের স্মৃতি আজও ভীষণ নাড়া দেয়। মামুনুর রশীদমুক্তিযুদ্ধের সময় কলকাতায় বসে পশ্চিমের সিঁড়ি নাটকটি লিখেছিলাম এবং তার নির্দেশনা দিয়েছিলেন মুস্তফা মনোয়ার। সংগত কারণে স্বাধীনতার পর ওই সময়টাতে নাটকটি আর করা সম্ভব হলো না যা মঞ্চে এল পরবর্তীতে। কিন্তু স্বাধীনতার পরের সময়টাতে বুকের মধ্যে চাপা আকাঙ্ক্ষা একটি নাটক করব। সিদ্ধান্ত নিয়ে ফেলি, মুনীর চৌধুরীর কবর নাটকটিই করব। কারণ, সেই সময়ে কবরই ছিল একমাত্র নাটক যা মানুষকে স্পর্শ করে। রক্ত-বুলেট-জেলখানা এ সব কিছুর মধ্যে এক ধরনের চেতনা কাজ করে। কবর নাটকটি আমাদের মুক্তির জায়গায় একটি প্রেরণাও ছিল। তারপর আমি, আলি যাকের, এনামুল হক, নাজমুল হোসাইন, সুভাষ দত্ত এবং মুজিব বিন হকসহ ১ ফেব্রুয়ারি গড়ে তুলি আরণ্যক এবং কবর নাটকটি ২০ ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মঞ্চায়ন করি।