কবরীর প্রতি শামীম ওসমানের দুর্ব্যবহারে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ ও চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরীর দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসার ঘটনার তীব্র নিন্দা করেছেন চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও প্রযোজকেরা। আজ সোমবার কবরীর প্রতি শামীম ওসমানের এ ধরনের আচরণের প্রতিবাদে এফডিসির প্রযোজক পরিবেশক সমিতিতে শিল্পী, পরিচালক ও প্রযোজকেরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুহম্মদ হান্নান বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সাবেক সাংসদ শামীম ওসমান কবরীর সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করেছেন, হামলা করার চেষ্টা করেছেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেছেন, আমরা চলচ্চিত্র-সংশ্লিষ্টরা সবাই এর তীব্র নিন্দা করছি।’ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এক প্রশ্নের উত্তরে বলেন, ‘সরকার যেখানে নারীর ক্ষমতায়নের কথা বলছেন, সেখানে সরকার-সমর্থক শামীম ওসমান কবরী আপার মতো একজন নির্বাচিত সাংসদকে দিনেদুপুরে প্রকাশ্যে মারার চেষ্টা করেছেন, এটা অবশ্যই নিন্দনীয় অপরাধ। এই কী নারীর প্রতি আমাদের সম্মান প্রদর্শন! আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘সাবেক সাংসদ হয়েও শামীম ওসমান কীভাবে বর্তমান সাংসদের সঙ্গে এমন ঘৃণ্যতম আচরণ করলেন, তা আমাদের বোধগম্য নয়। কবরী আপা চলচ্চিত্রে সবার প্রিয় ব্যক্তিত্ব। তাঁর প্রতি এমন আচরণের প্রতিবাদ জানাই।’অপর এক প্রশ্নের উত্তরে পরিচালক সমিতির সভাপতি মুহম্মদ হান্নান বলেন, ‘সাংস্কৃতিক জগতের মানুষেরা জাতীয় সত্তা। জনগণের আত্মার মাঝে তাদের বসবাস। এ জন্য কাজে-কর্মে তাঁরা মানুষের পক্ষে কথা বলেন। জনগণের বাদির প্রতি কথা বলতে গিয়ে কবরী নাজেহাল হয়েছেন। এমনিভাবে কয়েক দিন আগে একুশে পদকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার ও চাষী নজরুল ইসলামকেও নাজেহাল করা হয়েছে। এমনটা কখনোই কাম্য নয়। এসব ঘটনা যেন ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’প্রসঙ্গত, গত শনিবারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বাস ভাড়া নির্ধারণ বৈঠকে দুই পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে শামীম ওসমান কবরীকে অনেকটা মারার জন্য তেড়ে এসেছিলেন।