কবি আর কবিতার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা কুয়াশা আর মিষ্টি রোদের সকাল। সন্ধ্যায় বিদায়ী শীতের ঝিরঝিরে বাতাস। কবিদের কণ্ঠেও যেন ভর করেছিল প্রকৃতি। যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই কবি। পুরো আয়োজনে যাঁরা ছিলেন, তাঁরা সবাই কবিতার অনুরাগী। এসেছিলেন কবিতা শুনতে, শোনাতে। একের পর এক কবিতা পাঠ করে গেলেন কবিরা। কখনো প্রকৃতির, কখনো দেশের, কখনো প্রেমের বা অসাম্প্রদায়িকতার। উপস্থিত কবিরা কবিতায় কবিতায় পরিবেশ করে তুললেন কাব্যময়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। ‘যুদ্ধাপরাধের বিচার দাবি আজ কবিতার’ স্লোগানে শুরু হওয়া ২৭তম জাতীয় কবিতা পরিষদের আয়োজনে উৎসবটি উৎসর্গ করা হয়েছে ফয়েজ আহ্মদ ও সুনীল গঙ্গোপাধ্যায়কে। শুক্রবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম। গ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি গিয়ে থামে চারুকলাসংলগ্ন জাতীয় কবির সমাধি সৌধে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে নিবেদন করা হয় পুষ্পাঞ্জলি। এরপর শোভাযাত্রা এগিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সব শহীদকে শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া হয়। মূল অনুষ্ঠানস্থলে ফিরে আসে সবাই। সমবেত সবার কণ্ঠে উঠে আসে জাতীয় সংগীতের সুর। সেই সুরের তালে তালে উত্তোলন করা হয় জাতীয় ও উৎসব পতাকা। এরপর সারি বেঁধে মঞ্চে থাকা বিভিন্ন সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান একুশের গান ও উৎসব সংগীত। গান শেষে বিগত বছরের শুরু থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ও ভারতের শিল্প-সাহিত্যসহ নানা অঙ্গনের প্রয়াত কৃতীদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন কবি কাজী রোজী। শোকগাথায় উচ্চারিত হয় হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, সোহরাব হোসেন, সফিউদ্দিন আহমেদ, নির্মল সেনসহ অনেক কীর্তিমানের নাম।উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন কবি রবিউল হুসাইন। একাত্তরের শত্রু দোসর ও অপরাধীদের কথা তুলে ধরে ঘোষণাপত্রে বলা হয়, কবিতা ভালোবাসা ও শিল্পের সম্ভার। কবিতার ইতিহাস বহুমাত্রিক বোধানুভবের ইতিহাস। যা সময়, কাল, সমাজ, রাজনীতি ও অর্থনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এ কারণেই কবিরা পরিবেশ ও প্রতিবেশকে এড়িয়ে যেতে পারেন না।উদ্বোধকের বক্তব্যে সৈয়দ শামসুল হক বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবগাথা স্মরণ করে বলেন, এ দেশের তরুণেরা বুকের রক্ত ঝরিয়ে আদায় করেছিল মাতৃভাষার অধিকার। সেদিনকার কোনো কবির লেখা একটি দুর্বল কবিতাও ছিল সবল যুদ্ধ। এরপর তাঁর কথায় উঠে আসে চলমান যুদ্ধাপরাধের বিচার ইস্যু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী। আরও বক্তব্য দেন কবি তারিক সুজাত, মুহাম্মদ সামাদ, আসলাম সানী প্রমুখ।উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় কবিতা পাঠের আসর। প্রথম দিন দুপুর পর্যন্ত কবিতা পাঠের জন্য ঢাকা ও ঢাকার বাইরের দুই শতাধিক কবি নাম নিবন্ধন করেন। দুপুরে বিরতি দিয়ে বেলা তিনটায় আবার শুরু হয় কবিতা পাঠ। দুই দিনের উৎসবে মেলবন্ধ ঘটছে বাংলাদেশ ও ভারতের কবিদের। আজ শেষ হচ্ছে এ উৎসব।শুরু হলো জাতীয় পথনাট্যোৎসব‘ওরা যুদ্ধাপরাধী, দেশের শত্রু, শত্রু মানবতার, ওদের বিচার করে বীরের জাতি কলঙ্কমুক্ত হবে এবার’ স্লোগানে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুরু হয়েছে জাতীয় পথনাট্যোৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত এ উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।উদ্বোধনের শুরুতে ছিল জাতীয় সংগীত পরিবেশনা। এরপর একটি দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পীরা। শিশুদের নৃত্য শেষে উৎসবের উদ্বোধক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এবং সংগঠনের নেতারা শহীদবেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক লিয়াকত আলী, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথিরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। ঘোষণাপত্র পাঠ করেন চন্দন রেজা। বক্তৃতা শেষে থিয়েটারের শিল্পীরা আগুন নৃত্য পরিবেশন করেন। এরপর বাবুল ভট্টাচার্যের রচনা ও শওকত মনসুরের নির্দেশনায় ইউনিভার্সেল থিয়েটার পরিবেশন করে নাটক উদ্বাস্তু।