‘কবিতার উৎসব মুক্তির উৎসব’ স্লোগান নিয়ে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব ২০১১। আয়োজক জাতীয় কবিতা পরিষদ। এ উপলক্ষে গতকাল কবি ও কবিতানুরাগীদের মিলনমেলায় পরিণত হয়েছিল উৎসব প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার চত্বর। পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায়, অরবিন্দ গুহ, নেপালের তুলাসি দিউয়াসা, বাংলাদেশের আসাদ চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজীসহ প্রায় অর্ধশত কবি মঞ্চে উপবিষ্ট। প্রাঙ্গণজুড়ে আছেন আরও অনেক কবি ও কবিতানুরাগী। তাঁরা জড়ো হয়েছেন কবি ও কবিতাকে ভালোবেসে। এক কোণে উড়ছে জাতীয় ও কবিতা পরিষদের পতাকা। প্রাঙ্গণের এক পাশে শোভা পাচ্ছে বেশ কিছু আলোকচিত্র। এসব বিগত বেশ কয়েক বছরের কবিতা উৎসবের আলোকচিত্র। স্বাভাবিকভাবেই এসব আলোকচিত্রে কবিদের প্রাধান্য—তাঁরা কবিতা পড়ছেন, গল্প করছেন, কুশল বিনিময় করছেন। কোনো কোনো ছবির কবি আর বেঁচে নেই। তাই এসব ছবির কোনো কোনোটি দর্শককে নস্টালজিক ও বিচলিত করছে, আবার কোনো কোনোটি আনন্দও দিচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসানের সমাধি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। তারপর উৎসব প্রাঙ্গণে জাতীয় ও কবিতা পরিষদের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত, একুশের গান ও উৎসব সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আলোচনা শুরু হয় কবি আসাদ চৌধুরীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে। শোক প্রস্তাব পাঠ করেন রবীন্দ্র গোপ। উৎসব ঘোষণায় কবি বেলাল চৌধুরী বলেন, ‘২৪ বছর ধরে রক্তাক্ত ফেব্রুয়ারি মাসের ১ ও ২ তারিখ সুবিন্যস্ত বাক্যাংশ উদ্ধৃত করে যে কবিতা উৎসব পালিত হয়ে আসছে, এবার উৎসবের রজতজয়ন্তীর বছর ছাড়াও রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের পরিবর্তে তিন দিন করা হয়েছে।’উদ্বোধকের ভাষণে সৈয়দ শামসুল হক বলেন, ‘কবিতা পরিষদ এবার রজতজয়ন্তী উৎসব পালন করছে। এটা নিঃসন্দেহে বিশাল অর্জন, রয়েছে কিছু ব্যর্থতাও। শুরুর দিকে ভেবেছিলাম, পরিষদের একটি পাঠাগার থাকবে। ওই পাঠাগারে শুধু কবি ও কবিতাসম্পর্কিত বই থাকবে, কিন্তু এখনো আমরা তা করতে পারিনি।’ আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, আহ্বায়ক মুহাম্মদ সামাদ, যুগ্ম আহ্বায়ক আমীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসলাম সানী।বেলা তিনটায় শুরু হয় স্বরচিত কবিতাপাঠের আসর। দেশ-বিদেশের প্রায় দেড় শ কবি এতে কবিতা পাঠ করেন।