
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকালও মিলল মাটির গানের স্বাদ। এখানে শেষ হলো ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী দেশঘরের গান। শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হয়ে এই অনুষ্ঠান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সারাক্ষণই বিপুল শ্রোতার উপস্থিতি ছিল অনুষ্ঠানে। প্রখ্যাত সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার শুরু হয়েছিল ছায়ানটের আয়োজনে দুই দিনের ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান।
সমাপনী দিন গতকাল শনিবারও শুরুতে ছিল নোয়াখালী জেলার গান। পরিবেশন করেন বেলাল হোসেন। এরপর খুলনা থেকে আগত জেবুন্নেসা ও তার দল এবং জাহিদ গাজীর গানের দল পরিবেশন করে গাজীর গান। দিনাজপুরের নির্মলচন্দ্র সরকার ও অজিত সরকার পরিবেশন করে কবিগান। ঐতিহ্য অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসবের পরিসমাপ্তি ঘটে।
দেশঘরের গানের পাশাপাশি অনুষ্ঠানস্থলে এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। যেখানে ছায়ানটের শিক্ষা কার্যক্রম নালন্দা বিদ্যালয়ে শিশু-শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশঘরের লোকজ খেলার লেখ্য ও চিত্ররূপ প্রদর্শন করা হয়।
শুক্রবার দুই দিনের এই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের বিশিষ্ট গীতিকার-সুরকার ও লোকগানের শিল্পী আবদুল গফুর হালী।