কবি ফজল শাহাবুদ্দিন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা, স্মৃতিচারণা, আবৃত্তি ও নিবেদিত কবিতা পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হলো কবি ফজল শাহাবুদ্দিনকে। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কবির স্মরণসভা আয়োজন করে স্মরণসভা উদ্যাপন পরিষদ।
আলোচকেরা বলেন, কবি ফজল শাহাবুদ্দিন জীবিকার প্রয়োজনে পেশা হিসেবে নানা ধরনের কাজ করেছেন। তবে পেশাগতভাবে সাংবাদিক পরিচয়টিই প্রধান। তিনি বাংলাদেশে ম্যাগাজিন সম্পাদনার ক্ষেত্রে যে মেধা, মনন ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন তার ওপর ভিত্তি করেই এই শিল্পটি আজকের অবস্থানে এসেছে। এ ক্ষেত্রে তাঁর ভূমিকা পথিকৃতের। এ ছাড়া চলচ্চিত্র সমালোচনা ও সাহিত্য পত্রিকা সম্পাদনার ক্ষেত্রেও প্রতিভার পরিচয় দিয়েছেন। বাংলা কবিতাতে তিনি একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছেন। অসাধারণ দক্ষতায় তিনি শব্দকে ব্যবহার করতে পারতেন। সমাজ পরিবর্তনের প্রয়াসী ছিলেন। তবে তাঁর কবিতা স্লোগানসর্বস্ব হয়ে ওঠেনি। আলোচনায় অংশ নেন কবি আল মাহমুদ, মাহমুদ শাহ কোরেশি, কে জি মুস্তাফা, আল মুজাহিদী, সরদার আবদুস সাত্তার, মুহম্মদ নূরুল হুদা, জাহাঙ্গীর ফিরোজ, অনুপম হায়াত, মুহম্মদ জাহাঙ্গীর, আতা সরকার, আবদুল হাই শিকদার, ফারুক ফয়সাল, কবির স্ত্রী আজমেরী শাহাবুদ্দিনসহ অনেকে। স্বাগত বক্তব্য দেন এরশাদ মজুমদার। কবির কবিতা আবৃত্তি ও তাঁকে নিবেদিত কবিতা পাঠে অংশ নেন নাসিম আহমেদ, শামীমা চৌধুরী, কাজিম রোজা, মাহমুদ হাফিজসহ অনেক। সঞ্চালনা করেন জকির আবু জাফর।