কবি শামসুর রাহমানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে কবিতার খাতায় একসময় প্রেমের কবিতা, সময়ের কবিতা, দেশের কবিতা, দ্রোহের কবিতা লেখা হয়েছে, সে খাতায় কবির হাতের ছোঁয়া পড়েনি গত পাঁচটি বছর। পড়বে না আর কখনোই। যিনি লিখবেন তিনি নেই। কবি শামসুর রাহমান চলে গেছেন পাঁচ বছর আগে।গতকাল ১৭ আগস্ট বুধবার ছিল তাঁর চিরবিদায়ের পঞ্চমবার্ষিকী। সকালে কবিতা পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন বনানীতে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে তাঁকে স্মরণ করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, মুহাম্মদ সামাদ, তারিক সুজাত প্রমুখ। এ ছাড়া বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন লালমাটিয়ার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফাতেমা বেগম। প্রধান অতিথি ছিলেন এ এম জলিল। কথা ছিল বিকেলে বাসায় মিলাদ মাহফিল, স্মরণসভা হবে। কিন্তু হঠাৎ করেই কবিপত্নী জোহরা রাহমান অসুস্থ হয়ে পড়লে এ কর্মসূচি বাতিল করা হয়।কবির পরিবারের সদস্যরা এখন কবির পাণ্ডুলিপি, বই, স্মারক, ব্যবহূত জিনিসপত্র সংরক্ষণে একটি ট্রাস্ট গঠন করতে চান। এ কথা জানিয়েছেন কবির পুত্রবধূ টিয়া রাহমান। মঙ্গলবার কবির পুত্রবধূ টিয়া জানান, মঙ্গলবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কবিপত্নী জোহরা রাহমান। তাঁকে ভর্তি করা হয় বারডেম হাসপাতালে। কবির শ্যামলীর বাড়িতে গিয়ে দেখা যায় মৌনতা ঘিরে আছে কবির লেখা টেবিল ঘিরে। কবির লেখার খাতা, কলম সবই বড় যত্ন করে রাখা। যেন সেগুলো কবির স্পর্শের অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালের এই দিনে নিজের প্রিয় শহর ঢাকাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দেশের প্রধান কবি শামসুর রাহমান। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে কবির জন্ম। নগরেই তাঁর বেড়ে ওঠা। তাই নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তাঁর কবিতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬০টি কাব্যসহ প্রকাশিত গ্রন্থ শতাধিক। দৈনিক বাংলার সম্পাদক হিসেবে কাজ করেছেন অনেক দিন। কবি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পদকসহ (১৯৯১) দেশে-বিদেশের অসংখ্য পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের মানুষের জন্য তিনি লিখেছেন আমৃত্যু।বগুড়ায় কবির মৃত্যুবার্ষিকী পালননিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, শামসুর রাহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখকচক্রের আয়োজনে এক স্মরণসভা গতকাল বুধবার দুপুর ১২টায় রোমেনা আফাজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী, সংগঠনের সহসভাপতি মনসুর রহমান, সাধারণ সম্পাদক আমির খসরু প্রমুখ। শামসুর রাহমানের কবিতা পাঠ করেন এইচ আলিম, আমিনুল ইসলাম, নিখিল নওশাদ, রনজু ইসলাম, এস এম সাজাহান, সৈয়দ বুলান্দ আক্তার ও মীর মাসুদ পারভেজ।