কবি শামসুর রাহমানের পরিবারকে ২৫ লাখ টাকা সরকারি অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে সরকার। এর মধ্যে ছিল নগদ ১০ লাখ ও ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র। বাসস জানায়, গতকাল শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজধানীতে কবির বাসভবনে তাঁর সহধর্মিনীর কাছে এ অনুদানের চেক তুলে দেন।অর্থমন্ত্রী এ সময় বলেন, সরকার সচ্ছলভাবে জীবন যাপনের জন্য সাংস্কৃতিক কর্মীদের সহায়তা করতে বদ্ধপরিকর। শামসুর রাহমান তাঁর সময়ে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি সাদাসিধা জীবন যাপন করে গেছেন। পরিবারের জন্য কোনো সহায়-সম্পদ রেখে যাননি। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা ও আগ্রহের ফলে রাষ্ট্রের পক্ষ থেকে এ অনুদান দেওয়া সম্ভব হয়েছে। অনুদানের চেক হস্তান্তরের সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কবি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।