
সন্ধ্যা সাড়ে ছয়টা। ছায়ানট মিলনায়তন দর্শকে পূর্ণ। পর্দা উঠল মঞ্চের। সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা গেয়ে উঠলেন কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গান ‘একবার গাল ভরা মা’।
ছায়ানটের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি কবি সুফিয়া কামালের প্রয়াণবার্ষিকী উপলক্ষে ‘তিন কবির গান’ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। গতকাল শুক্রবার ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ছায়ানটের শিল্পীরা দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্তর ১৭টি গান গেয়ে শোনান।
সম্মিলিত কণ্ঠে ওই গানের পরই স্বাগত কথন নিয়ে মঞ্চে আসেন নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। এরপর সুফিয়া কামাল স্মারক বক্তৃতা দেন ছায়ানটের সহসভাপতি সরওয়ার আলী। তিনি বলেন, সুফিয়া কামাল স্বশিক্ষিত মানুষ। তিনি কঠোর জীবনসংগ্রাম ও সমাজ থেকে জ্ঞান অর্জন করেছেন। কিশোর বয়স থেকে সব রক্ষণশীলতা ও কুসংস্কার অতিক্রম করে পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছেন।
সরওয়ার আলী বলেন, পাকিস্তান আমল থেকে আমৃত্যু সব অত্যাচার-অনাচার-বঞ্চনার বিরুদ্ধে সব আয়োজনে তিনি উপস্থিত। সুফিয়া কামাল তাঁর জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন মানবতাবাদী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
স্মারক বক্তৃতার পরে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গান গেয়ে শোনান ছায়ানটের শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান। অনুষ্ঠানে আরও গান শোনান খায়রুল আনাম শাকিল, ঝুমা খন্দকার, লাইসা আহমদ, তানিয়া মান্নান, নাসিমা শাহীন প্রমুখ।