কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি শুধু নারীমুক্তি আন্দোলনের অগ্রপথিক ছিলেন না, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত সব আন্দোলনের সাহসী ও অগ্রণী ভূমিকায় ছিলেন। সামাজিক তথা প্রাকৃতিক-মানবিক বিপর্যয়েও সাধারণ মানুষের সহযাত্রী ছিলেন। হয়ে উঠেছিলেন সর্বজনশ্রদ্ধেয় ‘জননী সাহসিকা’। তিনি কবি সুফিয়া কামাল।গতকাল বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে কবি সুফিয়া কামালের ১০১তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে এভাবেই মূল্যায়ন করা হয়েছে তাঁকে। বাংলাদেশ মহিলা পরিষদ তাদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে।‘আলোকিত সমাজ গড়ার আন্দোলন এবং কবি সুফিয়া কামাল’ শীর্ষক স্মারক বক্তৃতায় গবেষক ও প্রাবন্ধিক মোরশেদ শফিউল হাসান।অনুষ্ঠানে মুক্তবুদ্ধির বিকাশ ও প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতিচর্চায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলামকে ‘সুফিয়া কামাল সম্মাননা পদক-২০১২’ প্রদান করা হয়। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সুফিয়া কামাল মাটির খুব কাছ থেকে উঠে এসেছেন। মানুষের জন্য ভালোবাসা তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এ সম্মাননা পেয়ে আমি গর্বিত ও সম্মানিত।’বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, কবির পরিবারের সদস্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংসদ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা গীতিনাট্য মঞ্চস্থ করা হয়।এ ছাড়া কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন।ছায়ানটে বর্ষার গান: ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানটি গতকাল বুধবার সন্ধ্যায় তাদের ধানমিন্ডর ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে বর্ষার গানের অনুষ্ঠানের আয়োজন করে।সম্মেলক কণ্ঠে ‘এসো শ্যামল সুন্দর’ গানের সঙ্গে নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্রনাথ, নজরুল ও অতুলপ্রসাদের ২১টি গান দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। মিতা হক পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘আজি ঝড়ের রাতে’, অদিতি মহসিন শোনান ‘বন্ধু, রহো রহো সাথে’। শাহীন সামাদ পরিবেশন করেন নজরুলসংগীত ‘মেঘ-মেদুর বরষায় কোথা তুমি’, সুস্মিতা দেবনাথের গাওয়া গানটি ছিল ‘পরদেশী মেঘ যাও রে ফিরে’। অতুলপ্রসাদের গান ‘বঁধুয়া নিদ নাহি আঁখি পাতে’ পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান, তানভীর আহমেদ ‘শ্রাবণ ঝুলাতে’। সম্মেলক গান ‘রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে’র সঙ্গে ছিল নৃত্য। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।